বাংলাদেশে পোশাক শ্রমিকদের উপর নানা জুলুম-নির্যাতন ও মিথ্যা মামলায় হয়রানি বন্ধসহ তাদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশের দাবির প্রতি সহানুভূতি জানিয়ে একাধিক আন্তর্জাতিক শ্রমিক সংগঠন সংহতি সপ্তাহ পালনের মাধ্যমে বৈশ্বিকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করছে।
ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল লেবার রাইটস ফোরাম, দ্য অ্যাকশন নেটওয়ার্ক, লেবার বিহাইন্ড দ্য লেভেল, টিইউসি, ইউনিসন, ক্লিন ক্লোথস এবং ওয়ান অন ওয়ান্টসহ অন্তত ডজনখানেক সংগঠন যৌথভাবে এ কর্মসূচির উদ্যোগ নিয়েছে। বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর থেকে গত ২৮ জানুয়ারি এ কর্মসূচি শুরু হয় এবং শেষ হবে ৩ ফেব্রুয়ারি। বিশেষ করে ২৯ জানুয়ারি ওয়াশিংটন ও হেগে বাংলাদেশ দূতাবাসের সামনে, ৩০ জানুয়ারি বার্লিন ও লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে, ৩১ জানুয়ারি ব্রাসেলস ও জেনেভায় বাংলাদেশ দূতাবাস ও কনসুলেটের সামনে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করেন সংগঠনের কর্মীরা। ১ ফেব্রুয়ারি নিউইয়র্ক ও মাদ্রিদে এ কর্মসূচি পালন করে। একইভাবে স্টকহোমে, এডিনবার্গ, হেলসিনকি, হংকং, রোম, অসলোসহ বিশ্বের গুরুত্বপূর্ণ শহরে এ কর্মসূচির আয়োজন করে। এ সময়ে তারা নানা ব্যতিক্রমধর্মী ও আকর্ষণীয় কর্মসূচি পালন করেন। কর্মসূচির মধ্যে রয়েছে বিশ্বের প্রায় ৬ হাজার ৪০০ ব্যক্তির কাছে বাংলাদেশের পোশাক শ্রমিকদের বিষয়ে অবহিত করবে। এরমধ্যে প্রায় ৪ হাজার চিঠি প্রেরণ করা হয়েছে। রয়েছে গণস্বাক্ষর সংগ্রহ, সোশ্যাল মিডিয়ায় লাইক-শেয়ার ও জাগরণীমূলক নানা কর্মসূচি। এসব কর্মসূচির প্রধান লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক দাতা-ক্রেতাদের বাংলাদেশের বিষয়ে অবহিত করা।
