‘ধর্ষকরা সাবধান, হারকিউলিস’

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৯

ঝালকাঠির কাঠালিয়া থেকে ধর্ষণ মামলার প্রধান আসামি সজলের লাশ উদ্ধারের ৬ দিন পর এবার জেলার রাজাপুর উপজেলা থেকে একই মামলার আরেকজন আসামি রাকিব হোসেন মোল্লার (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা দুজনেই পার্শ্ববর্তী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার একটি গণধর্ষণ মামলার আসামি ছিলেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার আঙ্গারিয়া গ্রামের পরিত্যক্ত একটি ইটভাটার পাশ থেকে রাকিবের লাশ উদ্ধার করা হয়। তার গলায় ঝোলানো অবস্থায় লেখা ছিল ‘ধর্ষকরা সাবধান’।

রাকিব পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রামের কালাম মোল্লার ছেলে। তিনি ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়তেন। গত ২৬ জানুয়ারি কাঠালিয়ার বীণাপানি গ্রামের একটি মাঠ থেকে এ মামলার প্রধান আসামি সজল জোমাদ্দারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছিল পুলিশ।

রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন জানান, দুপুরে আঙ্গারিয়া গ্রামের একটি ইটভাটার পাশে রাকিবের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথায় গুলিবিদ্ধ ও শরীরের বিভিন্নস্থানে ক্ষত অবস্থায় তার লাশ উদ্ধার করে। নিহতের বুকে লেমিনেটিং করা একটি কাগজে লেখা ছিল ‘আমি পিরোজপুরের ভান্ডারিয়ার (অমুকের...) ধর্ষক রাকিব। ধর্ষণের পরিণতি ইহাই। ধর্ষকরা সাবধান। হারকিউলিস।’