সাবেক এমপি তাজুল ইসলাম ফারুকের ইন্তেকাল

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪০

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক (৭০) আর নেই। প্রবীণ এ আওয়ামী লীগ নেতা বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক নগরীর উপ-শহর এলাকার নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার গ্রামের বাড়ি দুর্গাপুর উপজেলার আমগাছি গ্রামে।

তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক ১৯৯১-৯৬ সাল পর্যন্ত রাজশাহী-৫ আসনের এমপি ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

এদিকে শুক্রবার সকাল সাড়ে ১০টায় মহানগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে মরহুম তাজুল ইসলাম মোহাম্মদ ফারুকের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মরহুমের সহোদর ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, বড় ছেলে বদরুল ইসলাম তাপস, কেন্দ্রীয় আ’লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য নূরুল ইসলাম ঠান্ডু, পুঠিয়া-দুর্গাপুরের এমপি ডা. মনসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের এমপি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, চারঘাট-বাঘার সাবেক এমপি রায়হানুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অংশ নেন। প্রধানমন্ত্রী তাজুল ইসলাম মোহাম্মদ ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।