বিশিষ্ট প্রাবন্ধিক-গবেষক, বাংলা একাডেমির উপপরিচালক ড. অনু হোসেন গতকাল শুক্রবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.. ..রাজেউন)। তিনি বেশ কিছুদিন যাবত ক্যান্সারে ভুগছিলেন। গতকাল সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তার মরদেহ আনা হয় এবং সেখানে তার জানাজা অনুষ্ঠিত হয়। বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, সচিব আব্দুল মান্নান ইলিয়াস এবং একাডেমির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
শ্রদ্ধাজ্ঞাপন পর্বে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, অধ্যাপক সৈয়দ আকরম হোসেন, অধ্যাপক বেগম আকতার কামাল, অধ্যাপক সৈয়দ আজিজুল হক, অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী, অধ্যাপক রফিকউল্লাহ খান, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, কবি মনজুরুর রহমান, কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কথাসাহিত্যিক শাহনাজ মুন্নী, কবি মাহমুদ হাফিজ, কবি মুজতবা আহমেদ মোরশেদ, কবি হালিম আজাদ, মুর্শিদ আনোয়ার, কবি শোয়াইব জিবরান, কবি ওবায়েদ আকাশ, কবি শাহেদ কায়েস, শারমিনুর রহমান, ইফতেখার মাহমুদ, সফেদ ফরাজী, রাজু আহমেদ মামুন, সঞ্জীব পুরোহিত, আশরাফ জুয়েল, শিল্পী রাজিব রায়, প্রয়াত অনু হোসেনের সহধর্মিনী আফসানা ফেরদৌস, একমাত্র সন্তান পূর্ণ প্রমিতসহ পরিবারের অন্যন্য সদস্যবর্গ।
অনু হোসেন ১৯৬৫ সালের ১১ মার্চ মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন দৈনিক ভোরের কাগজ, যুগান্তর এবং ডেসটিনি পত্রিকায় কর্মরত ছিলেন। ২০১০ সালে তিনি বাংলা একাডেমিতে যোগদান করেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত একাডেমির গবেষণা, সংকলন এবং অভিধান ও বিশ্বকোষ বিভাগে উপপরিচালক পদে কর্মরত ছিলেন।
