ধামরাই (ঢাকা) :বিকল্প রাস্তা তৈরি না করে ঢাকার ধামরাই উপজেলার আইঙ্গন-শরিফবাগ এলাকায় বংশী নদীর উপর সেতুটি পুনর্নির্মাণের জন্য ভেঙে ফেলায় মাধব বাড়ি-শরিফবাগের পুরাতন বেইলি সেতু দিয়েই মালামাল বোঝাই ট্রাক, যাত্রীবাহী বাসসহ সবধরনের যানবাহন চলাচল করছে। এতে যেকোনো সময় সেতুটি ভেঙে পড়ে মারাত্মক দুর্ঘটনা ও প্রাণহানির আশংকা করছে এলাকাবাসী। সেতুটি সরু হওয়ায় এর উপর দিয়ে দুইটি যানবাহন পাশাপাশি চলতে না পারায় প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে সড়ক ও জনপথ বিভাগের এই সড়কটিতে। সওজ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আতিক উল্ল্যা ভূঁইয়া বলেন, আরও এক বছর এভাবে চলবে। সেতুটি ৫ থেকে ১০টনি ট্রাক চলাচলের উপযোগী। যেহেতু একটি বেইলি সেতু আছে তাই নতুন কোনো বিকল্প রাস্তার ব্যবস্থা রাখা হয়নি। —মিজানুর রহমান
