কেরানীগঞ্জ (ঢাকা) :তিন দিনে অভিযান চালিয়ে বুড়িগঙ্গা পাড়ের ৪৪৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নদী তীর দখল ও দূষণমুক্ত করার লক্ষ্যে বিআইডব্লিউটিএ ২৯ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বুড়িগঙ্গা নদীর তীরে কামরাঙ্গীরচর এলাকায় ছোট বড় মিলিয়ে ৪৪৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। তিনি বলেন, উচ্ছেদ হওয়া স্থাপনার মধ্যে সাত, পাঁচ, তিন ও দোতলা পাকা ভবন, স’মিল, গোডাউন, প্লাস্টিক কারখানা এবং আধাপাকা ভবনও রয়েছে। নদী উদ্ধারে ৫ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পুনরায় উচ্ছেদ কার্যক্রম চলবে। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নেতৃত্ব ও সার্বিক তদারকিতে এ উচ্ছেদ অভিযান চলছে —ইত্তেফাক
