শেখ হাসিনা পৃথিবীর সেরা তিনজন সত্ প্রধানমন্ত্রীর মধ্যে একজন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২৯

পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, “শেখ হাসিনা পৃথিবীর সেরা তিনজন সত্ প্রধানমন্ত্রীর মধ্যে একজন। উনার আমলে দেশে দুর্নীতির কোনো সুযোগ নেই। বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে প্রধান অঙ্গীকার ছিল দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা। যেখানেই দুর্নীতি হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। শুধু আমার মন্ত্রণালয় নয় যে কোনো দপ্তরে দুর্নীতির কোনো প্রমাণ পেলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।” গতকাল শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ডিএনডি এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের ২য় পর্যায়ের কাজ পরিদর্শনে এসে উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এসব কথা বলেন। এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুকও উপস্থিত ছিলেন।

উপমন্ত্রী শামীম আরো বলেন, ডিএনডি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্পের ৩৭ ভাগ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। জুলাই ২০২০ সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে। আশা করছি, নির্দিষ্ট সময়ের আগেই প্রকল্পের কাজ শেষ হবে। ডিএনডি অভ্যন্তরে ২২ লাখ মানুষকে জলাবদ্ধতা থেকে রক্ষার জন্য আগামী ৩০ এপ্রিলের মধ্যে পাম্পগুলো সচল করা হবে। যাতে করে এবছর ডিএনডি অভ্যন্তরে জলাবদ্ধতা সৃষ্টি না হয়।

এরপর সংক্ষিপ্ত বক্তব্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ডিএনডি এলাকাটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এই এলাকায় কাজ করতে গিয়ে বিভিন্ন রকম প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে সেনাবাহিনীকে। এসব প্রতিবন্ধকতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা এসব সমস্যার সমাধান করছি। এসব বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেন কোনো রকম উদ্বেগ তৈরি না হয়। আমাদের লক্ষ্য সঠিক সময়ে এই প্রকল্পের কাজ শেষ করা। প্রকল্পের কাজ শেষ হলে হাতির ঝিলের চাইতেও বড় এবং সুন্দর হবে ডিএনডি অভ্যন্তরের এলাকা। ডিএনডি অভ্যন্তরে প্রায় ৯৪ কিলোমিটার খাল আমরা উদ্ধার ও সংস্কার করছি। এসব খাল দিয়ে ওয়াটার বাস চলাচল করবে।

এসময়ে আরো উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেডের মহাপরিচালক ব্রিঃ জেঃ এফ.এম. জাহিদ হোসেন, ডিএনডি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্পের পরিচালক লেঃ কর্নেল মোহাম্মদ মাসফিকুল আলম ভূঞা, প্রকল্প কর্মকর্তা মেজর সৈয়দ মোস্তাকীম হায়দার, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ মাহফুজুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মতিন সরকার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া প্রমুখ।