একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা থেকে মাত্র একজনকে মনোনয়ন দেওয়া হবে। মহাজোটের আওয়ামী লীগ ও তাদের শরিক দল জাতীয় পার্টি দুটো দল থেকেই ইতোমধ্যে মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। যার মধ্যে আওয়ামী লীগের ১১ জন ও জাতীয় পার্টির একজন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে নারায়ণগঞ্জে কে পাচ্ছেন মহাজোটের মনোনয়ন সেটা জানতে মনোনয়ন প্রত্যাশীদের অপেক্ষা করতে হবে আরও এক মাস। কারণ আগামী ১৭ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণার কথা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)। অর্থাত্ মহাজোটের চূড়ান্ত সিদ্ধান্ত পেতে মনোনয়ন প্রত্যাশীদের আরো এক মাস অপেক্ষা করতে হবে।
সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নারায়ণগঞ্জ থেকে ইতোমধ্যে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক এমপি অভিনেত্রী সারাহ বেগম কবরী, সংরক্ষিত নারী আসনের বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বাবলী, সোনারগাঁ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের স্ত্রী রুবিয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলের স্ত্রী কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদা হাসনাত, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ ড. শিরিন বেগম, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান খান স্মৃতি, মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা মালা, নাসিকের ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী, নাসিকের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আওয়ামী লীগ নেত্রী মনোয়ারা বেগম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা প্রয়াত মফিজুল ইসলামের কন্যা আলীয়া মফিজ, কেন্দ্রীয় মহিলা লীগের শিক্ষা সম্পাদক সোনারগাঁওয়ের ড. সেলিনা আক্তার। অপর দিকে, একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের ৫০টির মধ্যে জাতীয় পার্টি পাচ্ছে ৪টি। এই ৪টি আসনে চারজন নারীকে দলীয় মনোনয়ন দেওয়ার কথা জানিয়ে সমপ্রতি সংসদের স্পিকারের দপ্তরে চিঠিও পাঠানো হয়। যার মধ্যে নারায়ণগঞ্জ থেকে প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমানের নাম ছিল। তবে ৪ আসনে জাতীয় পার্টির ৪ প্রার্থী চূড়ান্ত করার পর এখন আবার ওই পদেই দলীয় মনোনয়ন ফরম বিক্রির উদ্যোগ নিয়েছে দলটি। প্রতিটি মনোনয়ন ফরমের দাম ধরা হয়েছে ১০ হাজার টাকা। আর এতে করে আবার নতুন করে টেনশন দেখা দিয়েছে মনোনয়ন পাওয়া ওই ৪ জন নারী নেত্রীর মধ্যে, যার মধ্যে পারভীন ওসমানও রয়েছেন।
জানা গেছে, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। একাদশ জাতীয় সংসদের এই ৫০ জন জনপ্রতিনিধি নির্বাচনে তফসিল আগামী ১৭ ফেব্রুয়ারি ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার আগে ইসি রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি দিয়ে জানতে চাইবে, তারা একক, নাকি জোটগতভাবে নির্বাচন করবে। দলগুলোকে এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত ৩০ জানুয়ারির মধ্যে জানানোর কথা। এরপর ইসি ১২ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রণয়ন করবে। আর তফসিল ঘোষণা করা হবে ১৭ ফেব্রুয়ারি। তফসিলে মনোনয়নপত্র দাখিল, মনোনয়নপত্র বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় জানানো হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত আসন অনুসারে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে এবার বাংলাদেশ আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি চারটি, ঐক্যফ্রন্ট একটি এবং স্বতন্ত্র ও অন্যান্য দল মিলে দুটি আসন পাবে। প্রতিটি দল বা জোটের ভাগে পাওয়া আসনে একাধিক প্রার্থী থাকলে ভোটের মাধ্যমে নির্বাচিত করার বিধান আছে। তবে সাধারণত, নারী আসনে সব দল একক প্রার্থীই দিয়ে থাকে। ফলে নির্বাচনের দরকার পড়ে না। এবার আওয়ামী লীগও একক প্রার্থীই দেবে। এদিকে জাতীয় পার্টি থেকে মাত্র একজনের মনোনয়ন ফরম সংগ্রহের খবর পাওয়া গেলেও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রয়েছেন ১১ জন। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু নারায়ণগঞ্জ জেলা থেকে দু’টি আসন জাতীয় পার্টিকে ছাড় দিয়েছিল আওয়ামী লীগ, সেহেতু এবার নারী আসনের ক্ষেত্রে জাতীয় পার্টিকে ছাড় দেওয়া হবে কি না তা নিয়ে সন্দিহান অনেকেই। যে কারণে মনোনয়ন প্রত্যাশী এই ১২ জনকেই অপেক্ষার প্রহর গুণতে হচ্ছে।
