মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর কুমারভোগ পুনর্বাসন কেন্দ্রে নীরব (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে পুনর্বাসন কেন্দ্রের পার্শ্ববর্তী ডোবা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার রাতেই নীরবের দুই বন্ধু রাব্বি ও আলালকে আটক করা হয়। নীরব কুমারভোগ পুনর্বাসন কেন্দ্রের নাঈম খানের ছেলে। সে মেদেনিমণ্ডল আনোয়ার আলী উচ্চ বিদ্যালয়ে পড়ত। নীরব বৃহস্পতিবার সন্ধ্যায় রাব্বি ও আলালের সঙ্গে বেড়াতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি।
এসব তথ্য দিয়ে লৌহজং থানার ওসি মনির হোসেন জানান, ওই পরীক্ষার্থী নিখোঁজের ঘটনায় বৃহস্পতিবার রাতেই লৌহজং থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। এরপর জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করে পুলিশ। তবে তাকে কি কারণে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ধারণা করা হচ্ছে, এই হত্যার পেছনে প্রেমঘটিত ব্যাপার থাকতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছিল।
