রূপগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা করল ফুপা ও তার ছেলেরা!

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমির ওয়ারিশ দাবিকে কেন্দ্র করে নাছির দেওয়ান (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার ফুপা ও ফুপাতো ভাইসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত বুধবার দুপুরে উপজেলার পিতলগঞ্জ এলাকায়। বৃহস্পতিবার বিকালে বাড্ডা জেনারেল হাসপাতালে মৃত্যু হয় নাছির দেওয়ানের। নিহত নাছির দেওয়ান পিতলগঞ্জ এলাকার জিয়ারুল দেওয়ানের ছেলে।

নিহত নাছিরের চাচা বেলায়েত দেওয়ান জানান, জিয়ারুল দেওয়ানের বোনের জামাই আবুল হোসেনের বাড়ি একই এলাকায়। বেশ কিছুদিন ধরেই আবুল হোসেন বাড়ির জমির ওয়ারিশ দাবি করে আসছে। আর এ ওয়ারিশ দাবিকে কেন্দ্র করে বুধবার দুপুরে আবুল হোসেন ও আবুল হোসেনের ছেলে আলিনুর, হিমেল, হাবিবুরসহ পরিবারের  সদস্যরা জিয়ারুল দেওয়ানের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে জিয়ারুল দেওয়ানের ছেলে নাছির প্রতিবাদ করতে গেলে আবুল হোসেন ও তার ছেলে আলিনুর, হিমেল, হাবিবুরসহ পরিবারের  সদস্যরা লাঠিসোঁটা দিয়ে নাছিরের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারি পেটায়। পরে স্থানীয় লোকজন নাছির দেওয়ানকে মুমূর্ষু অবস্থায় প্রথমে আশিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে, পরে বাড্ডা জেনারেল হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার দুপুরে বাড্ডা জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় নাছির দেওয়ান মারা যান।

 বেলায়েত দেওয়ান আরো জানান, বাড্ডা জেনারেল হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুল হক বলেন, এ ব্যাপারে নাছির দেওয়ানের বাবা জিয়ারুল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।