গ্রেফতারকৃত গার্মেন্টস শ্রমিকদের মুক্তি দাবি

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৩

সম্প্রতি গার্মেন্টস খাতে মজুরি বৃদ্ধি ইস্যুতে শ্রম অসন্তোষের ঘটনায় মামলা, গ্রেফতার ও শ্রমিকদের ঢালাওভাবে চাকরিচ্যুত করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। গতকাল রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এর প্রতিবাদে এক সমাবেশে সংগঠনের নেতারা গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তি, হয়রানি বন্ধ করা ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি জানান। সংগঠনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে এতে শ্রমিক নেতারা বক্তব্য দেন। সমাবেশে জানানো হয়, মজুরি আন্দোলনকে কেন্দ্র করে এ পর্যন্ত ৩০টিরও বেশি মামলায় আসামি করা হয়েছে ৪ হাজার শ্রমিককে। গ্রেফতার হয়েছে শতাধিক। এ ছাড়া প্রায় সাত হাজার শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুতি ও হয়রানি এখনো চলমান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আরিফা আক্তার, কেন্দ্রীয় নেতা সাফিয়া পারভীন, আলেয়া বেগম, রফিকুল ইসলাম রফিক, ফরিদুল ইসলাম, নাসিমা আক্তার, ইসরাত জাহান ইলা এবং পারভীন আক্তার। সমাবেশে সংহতি বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) মহাসচিব সালাউদ্দিন স্বপন প্রমুখ।