ব্রিটেনে আমেরিকার বন্ধ সংবাদপত্র ও সরকারি ওয়েবসাইট আবার চালু

আপডেট : ০৮ জুন ২০২১, ২১:৫৯

ব্রিটেনের সরকারের ওয়েবসাইটসহ বেশ কয়েকটি প্রভাবশালী সংবাদপত্রের বিকল ওয়েবসাইটগুলো আবার চালু হয়েছে। সংবাদপত্রগুলো হচ্ছে ব্রিটেনের দ্য গার্ডিয়ান, ফিনানশিয়াল টাইমস, ইনডিপেন্ডেন্ট এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস। খবর বিবিসির

ব্রিটিশ সরকারি সাইট ‘গভ.ইউকে’ও ডাউন থাকার পর আবার অনলাইন হয়েছে। বিবিসির কিছু অংশও অফ-লাইন ছিল। এছাড়া অনলাইন মার্কেট আমাজনেও সমস্যা দেখা দিয়েছিল। ডাউন হওয়া সাইটগুলোতে বলা হয়েছিল—‘এরর ৫০৩ সার্ভিস আনঅ্যাভেইলেবল।’ প্রাথমিকভাবে জানা যায়, ফ্যাস্টলি নামের ক্লাউড কম্পিউটিং কোম্পানি, যারা এসব প্রতিষ্ঠানকে সেবা দেয়, সমস্যাটা সেখানে দেখা দিয়েছিল। ফ্যাস্টলি বলছে, তাদের সিডিএন-গ্লোবাল কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক এর সমস্যাগুলো তারা সমাধানের চেষ্টা করছে। ফ্যাস্টলির যে সেবা তার নাম ‘এজ ক্লাউড’। এর মাধ্যমে ওয়েবসাইটগুলো দ্রুত লোড করতে পারে এবং ‘ডিনায়াল অফ সার্ভিস’ বা ডস হ্যাকার আক্রমণ থেকে সাইটগুলোকে রক্ষা করে। ফ্যাস্টলি বলছে, এই সমস্যা ইউরোপ এবং আমেরিকার সীমিতসংখ্যক কয়েকটি ওয়েবসাইটে দেখা গিয়েছিল। আমাজন যেটি ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে সেটি অতীতে একই ধরনের সমস্যায় পড়েছিল।

সর্বশেষ এই ঘটনা থেকে প্রশ্ন তৈরি হয়েছে যে স্বল্প কয়েকটি প্রতিষ্ঠানের হাতে ইন্টারনেট অবকাঠামোর নিয়ন্ত্রণ রাখা উচিত কি না। অর্থাত্ এসব কোম্পানিতে কোনো সমস্যা তৈরি হলে এতে ব্যাপক গোলযোগের সৃষ্টি হবে। ইন্টারনেট নিরাপত্তা প্রতিষ্ঠান ইসেটের সাইবার বিশেষজ্ঞ জ্যাক মুর বলছেন, বড় বড় হোস্টিং কোম্পানির গুরুত্ব এবং তাত্পর্যকে এই সমস্যাগুলো তুলে ধরছে।