নারায়ণগঞ্জের অক্টো অফিস এলাকা থেকে হোটেল শ্রমিককে অপহরণ করে আটকে রেখেছে দুর্বৃত্তরা। ওই হোটেল শ্রমিকের নাম ইউসুফ পাটোয়ারী (৫০)। গত তিনদিন তাকে আটকে রেখে পরিবারের কাছে হত্যার হুমকি দিয়ে মুক্তিপণ দাবি করছে তারা। অপহূত ইউসুফ পাটোয়ারীর স্ত্রী নাছরিন বেগম গতকাল শুক্রবার দুপুরে ফতুল্লা থানায় একটি অপহরণের মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ইউসুফ পাটোয়ারী নারায়ণগঞ্জের অক্টো অফিস এলাকায় সবুর হোটেলের কর্মচারী। গত ৩০ জানুয়ারি রাত ৯ টার দিকে তিনি হোটেল থেকে বাসায় যাচ্ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাকে অপহরণ করে। দুর্বৃত্তরা তাকে একটি গাড়িতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এর পরদিন ৩১ তারিখ রাতে ইউসুফ পাটোয়ারীর মোবাইল নম্বর থেকে দুর্বৃত্তরা তার ভাগিনা আলামিনের মোবাইলে ফোন করে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এরপর গতকাল শুক্রবার দুর্বৃত্তরা আলামিনের কাছে আবার কল করে দুটি বিকাশ নম্বর পাঠিয়ে দিয়ে মুক্তিপণ দাবি করে এবং হুমকি দেয় যে, মুক্তিপণের টাকা না পেলে তাকে হত্যা করা হবে।
ইউসুফ পাটোয়ারীর স্ত্রী জানান, ইউসুফ পাটোয়ারী আগে হোটেল ব্যবসা করতেন। এক মাস আগে তিনি হোটেল ব্যবসা বাদ দিয়ে সবুর হোটেলে কাজ করা শুরু করেন। তার সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না। কে বা কারা তাকে অপহরণ করেছে সে ব্যাপারে তাদের কোনো ধারণা নেই। তাদের দেওয়া একটি নম্বরে ৩ হাজার টাকা পাঠানো হয়। টাকা পাঠানোর পর ওই নম্বরটি তারা বন্ধ করে রাখে।
