সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে করা ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গতকাল শুক্রবার চুক্তি থেকে তার দেশের বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। তিনি বলেছেন, রাশিয়া বিভিন্ন সময়ে এই চুক্তির বরখেলাপ করেছে, তাই এটি থাকার চেয়ে না থাকাই ভালো। তবে এর প্রতিক্রিয়ায় রাশিয়া বলেছে, যুক্তি না শোনা ও সমঝোতায় না আসা প্রমাণ করে যুক্তরাষ্ট্র আগেই এ সিদ্ধান্ত নিয়েছে।
১৯৮৭ সালে তত্কালীন সাবেক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আইএনএফ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি অনুসারে, দুই দেশের স্বল্প ও মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র উত্পাদন নিষিদ্ধ করা হয়েছিল। মাইক পম্পেও গতকাল বলেছেন, রাশিয়া মাঝে মাঝে চুক্তিবিরোধী কাজ করায় ইউরোপ ও যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষ হুমকির মুখে আছে। আমাদের দায়িত্ব দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ফলে নতুন করে তার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিত্র দেশগুলোর সঙ্গে রাশিয়ার অস্ত্রের প্রতিযোগিতা আবারও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। পম্পেওর ওই ঘোষণার পর রাশিয়া যদি যুক্তরাষ্ট্রকে চুক্তিতে না ফিরিয়ে আনে, তবে ১৮০ দিন পর ওই চুক্তি থেকে পুরোপুরি বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র। এর আগে যুক্তরাষ্ট্র বলেছিল, আইএনএফ চুক্তি লংঘন করে রাশিয়া নতুন ক্ষেপণাস্ত্রব্যবস্থা তৈরি করেছে।
