রাজধানীতে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত আহত ২

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৫১

রাজধানীর গাবতলীর মাজার রোড এলাকায় বাসের ধাক্কায় রহিমা বেগম (৫৮) নামে এক বৃদ্ধা নিহত ও দুইজন আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন— রহিমার মেয়ে নাসিমা আক্তার ও নাতনি মেঘা। তারা দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। তাদের গ্রামের বাড়ি নাটোর সদরের দত্তপাড়া খোলাবাড়ীয়া এলাকায়।

জানা গেছে, ঢাকার মোহাম্মদপুরে নাসিমার ছেলে থাকেন। গতকাল সন্ধ্যায় নাটোর থেকে ওই তিনজন ঢাকার আসেন। এরপর মাজার রোড এলাকায় হেঁটে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় তারা আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে রাত ৯টার দিকে রহিমা মারা যান। দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করেছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতার করা চেষ্টা করছে পুলিশ।