ভারতে বিজেপি শাসিত সরকার তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপসারণে যে কোনো রাজ্যের সমস্যায় এক জোট হয়ে ঝাঁপানোর ডাক দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল বুধবার পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন নবান্নে সর্বভারতীয় কৃষকনেতা রাকেশ টিকায়েতের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বললেন, ‘বিজেপি বিরোধী’ একটি মঞ্চ তৈরি করা প্রয়োজন। জাতীয় কংগ্রেস পরিচালিত ইউপিএর নেতৃত্ব কে দেবেন জানি না। বিরোধী নেতা হওয়ার আমার কোনো প্রত্যাশা নেই। আমি চাই মোদিকে হটাতে।’ এদিকে, এদিনই দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে মমতা ব্যানার্জির সরকারকে বিপাকে ফেলতে ভবিষ্যতে কী রণকৌশল হবে, তা নিয়ে আলোচনা করেন।
এদিন কৃষক নেতাদের সঙ্গে নিয়ে বিজেপি বিরোধী সব রাজ্যগুলোকে এক জোট হওয়ার ডাক দিয়েছেন মমতা। তিনি বলেন, ‘ভারতের কোনো রাজ্যের বিরুদ্ধে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার আক্রমণ করলে বাকি রাজ্যগুলোকে রুখে দাঁড়াতে হবে। দেশের গণতন্ত্র রক্ষা করতে, দেশের কৃষক, শ্রমিক, যুবদের বাঁচানোর জন্য সবাইকে এক হতে হবে। যারা বিজেপির পুরোনো নেতা। তারাও এই কাজে সামিল হতে পারেন।’ মমতা বলেন, ‘বিজেপি বিরোধীদের কণ্ঠ রোধ করতে চাইছে। কিন্তু আমাদের আটকাতে পারবে না। আমি জোর করে কৃষকদের জমি নেওয়ার বিরোধী। বিজেপি সেটাই করতে কৃষক বিরোধী তিন আইন করেছে। এই আইন প্রত্যাহারের দাবিতে দিল্লিতে যতদিন কৃষকদের আন্দোলন চলবে আমি তাতে সমর্থন দেব।’ মমতা বলেন, ‘করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এই বিরোধী মঞ্চ তৈরি করার জন্য তিনি উদ্যোগ নেবেন।’
