ঘণ্টা বাজায় ঢং

আপডেট : ১০ জুন ২০২১, ২১:১০

ঘরে শুয়ে ভাবছে খোকা, আলো ছড়ায় রবি

মনে পড়ে বিদ্যালয়ের কত রকম ছবি

ঘড়ির কাঁটা আট ছুঁয়েছে ফার্স্ট পিরিয়ড শুরু

ভূগোল আপা আসছে মাগো বুকটা দুরুদুরু

গোল কোরো না, গোল কোরো না আপা রেগে টং

দপ্তরি ভাই দু হাত তুলে ঘণ্টা বাজায় ঢং!

 

অঙ্কের ক্লাস শুরু, বুকে রাখতে হবে বল

তেরো ঘরের নামতা দীপু বলল অনর্গল

বাংলা ক্লাসও শেষ হয়েছে এখন টিফিন ব্রেক

কী এনেছে রিজু মিঠু নুডলস নাকি কেক?

টিফিন ব্রেকে গুড্ডু সোনা হাসায় সেজে সঙ

দপ্তরি ভাই দু হাত তুলে ঘণ্টা বাজায় ঢং!

 

ইংরেজি স্যার আসলো এবার লিখতে দিল লেটার

সবার হলো মোটামুটি, দীপুর লেখা বেটার

সমাজ ক্লাসে অল্প লেখা শান্ত আপার রূপ

যত খুশি কথা বলো আপা তবু চুপ

ঝরঝরিয়ে পড়ল ঝরে মনের যত জং

দপ্তরি ভাই দু হাত তুলে ঘণ্টা বাজায় ঢং!

 

শেষের ক্লাসে আঁকিয়ে স্যার ঢুকলো ঢুলি ঢুলি

গলায় ঝোলা চটের ব্যাগে নানান রং আর তুলি

আঁকাজোকার পাঠ চুকালো আমরা এবার উঠি

দৌড়ে খেলার মাঠে যাবো এখন হবে ছুটি

বলের পিছে ছুটব সবাই মনে খুশির রং

দপ্তরি ভাই দু হাত তুলে ঘণ্টা বাজায় ঢং!

 

 

অলংকরণ : অভিজিত্ চৌধুরী