আমার রাষ্ট্রে তুই স্পার্টাকাস

আপডেট : ১০ জুন ২০২১, ২১:৩১

নীলখামের ওপর সুবাস জড়িয়ে বসে থাকা শব্দগুলো এখন কর্পূরের অবয়বে ফেরারি!

শুনেছি তোর ভেতরে দলিলপত্রের এবং রাষ্ট্র থেকে রাষ্ট্র কাঠামোর বদল হচ্ছে অহর্নিশি। 

 

অবশ্যি আমার নিজের একান্ত কোনো সার্বভৌমত্ব না থাকলেও,

তোকে নিয়েই আমার রাষ্ট্রের সীমানা প্রবল।

 

রাষ্ট্র বিষয়টা আমি বেশ বুঝি। জানি, দশক আর শতকের জাদুকরি দৌড়।

ওখানে বারেবারে থাকেই অনেক কিছু বদলের হাতছানি।

 

তবুও আমার অমন রাষ্ট্রেই তুই একমাত্র নাগরিক,

তোর বৃত্তের ভেতরেই তো অবিরল এঁকেছিলাম চৌহদ্দি চিরকাল ।

 

আচ্ছা বল তো, জলে ভাসা কৃষ্ণচূড়াদের সবুজ পাতার চৌহদ্দিতে তৈরি

আমার রাষ্ট্রেই তবুও কি তোর খুব ভালোলাগে দ্রোহী হতে!

খুব কি তোর ভালো লাগে আমারই রাষ্ট্রেই হতে স্পার্টাকাস!