মুম্বাইয়ে ভবনধসে নিহত ১১

আপডেট : ১০ জুন ২০২১, ২১:৪৮

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি দোতলা আবাসিক ভবন ধসে পাশের একটি স্থাপনার ওপর পড়ে কমপক্ষে ১১ জন নিহত ও  ১৮ জন আহত হয়েছেন। বুধবার গভীর রাতে নগরীটির মালাদ এলাকায় এ ঘটনা ঘটেছে। এনডিটিভি

কর্মকর্তভরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আরো অনেকে চাপা পড়ে থাকতে পারেন। এজন্য তাদের বের করে আনতে অভিযান অব্যাহত রয়েছে। তারা আরো জানান, বৃহনমুম্বাই মিউনিসিপাল করপোরেশন (বিএমসি) নিকটবর্তী আরেকটি জরাজীর্ণ তিনতলা ভবন থেকেও লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। স্থানীয়রা উদ্ধারকারী দলগুলোর সঙ্গে যোগ দিয়েছে এবং আহতদের উদ্ধার করে নিকটবর্তী কানদিভালির হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করছে।  হাসপাতালটির একজন চিকিত্সক বলেছেন, ‘১৮ জনের আহত হওয়ার কথা জানা গেছে, ১১ জনকে মৃত অবস্থায় আনা হয়েছে।’  বিএমসির দুর্যোগ ব্যবস্থাপনা সেলের তথ্য অনুযায়ী, বুধবার স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটের দিকে ঘটনাটি ঘটেছে বলে জেনেছেন তারা।