এই সময়ের ছড়া

ভেবেছিলাম বৃষ্টি হবে

আপডেট : ১১ জুন ২০২১, ২১:০১

খালেদ হোসাইন

 

ভেবেছিলাম, বৃষ্টি হবে

ঝুমঝুমাঝুম ঝুম।

আর জানালার পাশে বসে

তা নিয়ে লেখুম।

 

না, বৃষ্টি আসে না,

আকাশে মেঘ ভাসে না

 

জ্যৈষ্ঠমাসে বৃষ্টিকে কে

করল আবার গুম?

এই চিন্তায় এখন আমার

নির্বাসিত ঘুম।

 

বৃষ্টি যদি আসত তবে

কী লিখতাম, ভাবি!

মাথার ভেতর চক্কর দেয়

হাজার হাবিজাবি।

 

বৃষ্টি তুমি খুবই ভালো

সবার প্রাণে সুধা ঢালো!

 

মাংস ভুনা আর খিচুড়ি

ধার ধারি না আর কিছুরই

কিন্তু এটা মনের নাকি

পাকস্থলীর দাবি?

এই কথাও ভাবি।

 

ব্যাপার তো এই একটা না

বৃষ্টি হলে একটানা?

 

সেটাও মুশকিলের ব্যাপার

যায় ডুবে সব রাস্তা, না?

গরিব লোকের আয় রোজগার,

এবং তাদের আস্তানা?