কর অবকাশ হালকা প্রকৌশল শিল্পের বিকাশ ঘটাতে সহায়তা করবে

আপডেট : ১১ জুন ২০২১, ২১:০৫

 

আব্দুর রাজ্জাক

প্রেসিডেন্ট, বাংলাদেশ হালকা প্রকৌশল শিল্পমালিক সমিতি

কর অবকাশ সুবিধার কারণে দেশের হালকা প্রকৌশল শিল্পের অনেক বিকাশ হবে। এতে পুরাতন ঢাকার ধোলাইখালের টিপু সুলতান রোড, বাংলাবাজার, বংশাল ও মদনপাল রোডের হালকা প্রকৌশল যন্ত্রপাতি প্রস্তুতকারক ও কারখানার বা গাড়ি শিল্পের পার্টস তৈরির কারখানা গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি। আব্দুর রাজ্জাক বলেন, শিল্প মন্ত্রণালয় বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ করপোরেশনের মাধ্যমে ১৯৮৬ সালে ধোলাইখাল-জিনজিরা প্রকল্পে যে ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল তার মাধ্যমে দেশে এ শিল্পের শুরু। তিনি বলেন, হালকা প্রকৌশল শিল্প বড় শিল্পের পার্টনার হিসেবে পরিচালিত হয়। স্থানীয় ম্যাকানিকরা বিভিন্ন শিল্পের প্রয়োজনীয় পার্টস তৈরি করছে। তারা আধুনিক অনেক পার্টস তৈরি করছে। এসব পার্টস দেশের বিভিন্ন হালকা প্রকৌশল শিল্প কাজ করছে বলেও তিনি জানান।

হালকা প্রকৌশল শিল্পে বিনিয়োগের পরিমাণ ১৫ বিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা। বর্তমানে এ খাত ১০ হাজার কোটি টাকার পণ্য উত্পাদন করছে। অথচ বিভিন্ন ছোট ও বড় কোম্পানি থেকে এ খাতে পণ্যের চাহিদা প্রায় ৩০ হাজার কোটি টাকা। জানা গেছে, দেশে হালকা প্রকৌশল শিল্পের প্রায় ৫০ হাজার কারখানা রয়েছে। এসব কারখানায় ১০ হাজার প্রকারের পণ্য উত্পাদিত হয়। যার মধ্যে গতানুগতিক ধরনের নাট বোল্ট থেকে শুরু করে অটোমেটিক টেকনোলজির পণ্য রয়েছে। জিডিপিতে এ খাতের অবদান ৩ শতাংশ।