ধসে পড়ল বৈরাণ নদীর কালীমন্দির সেতু

আপডেট : ১১ জুন ২০২১, ২১:১০

গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

অবশেষে ধসেই পড়ল গোপালপুর পৌরশহরের বৈরাণ নদীর ঝুঁকিপূর্ণ সেই কালীমন্দির সেতু। গতকাল শুক্রবার খুব ভোরে নদীর বুকে এটি আছড়ে পড়ে। সেতুর ওপর কোনো যানবাহন না থাকায় বড় দুর্ঘটনা ঘটেনি।

পালপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মূরালী মোহন পাল জানান, ওপারে কোনাবাড়ী বাজার। এপারে কালীমন্দির। প্রতিদিন হাজারো মানুষ ও ছোটখাটো যানবাহন এ জীর্ণ সেতু দিয়ে পারাপার হয়। কর্মব্যস্ত সময়ে সেতুবিধ্বস্ত হলে নির্ঘাত প্রাণহানি ঘটত।

শিল্প ও বণিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন জানান, ১৯৯২ সালে নিন্মমানের সামগ্রী দিয়ে সেতুটি নির্মিত হয়। বছর দুয়েকের মাথায় সেতুর দুটি পিলার মাটি থেকে আলগা হয়ে যায়। তিন বছর আগে সেতুর আরো দুটি পিলার বেঁকে যায়। দুই পাশের রেলিং ভেঙে পড়ে। দেওয়া হয় বাঁশের রেলিং। গতবার সেতুর গোড়ায় মারাত্মক ফাটল ও পাটাতনে গর্ত দেখা দেয়। ছয় বছর আগে সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। বণিক সমিতির সম্পাদক গোলাম মোস্তফা আঙ্গুর জানান, সেতুটি শহরের দুই পারকে সংযুক্ত করেছে। এখন এটি ধসে পড়ায় উলটো এক কিলো ঘুরে থানা ব্রিজ হয়ে নদী পারাপারে শহরে প্রচণ্ড যানজট দেখা দিবে। মালামাল পরিবহনে ভোগান্তি হবে।

পৌর মেয়র রকিবুল হক ছানা জানান, সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নদীর কালীমন্দির পয়েন্টে নতুন সেতু নির্মাণের জন্য ৩ কোটি টাকা বরাদ্দ মিলেছে। খুব দ্রুতই এখানে বড়সড় সেতু নির্মাণকাজ শুরু হবে। আপাতত এখন বাঁশের সাঁকো হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিক জানান, পৌর প্রশাসন খুব দ্রুতই এখানে সেতু নির্মাণ শুরু করবেন বলে তাকে জানানো হয়েছে।