পাটিরা-সোয়াইতপুর সড়ক খানাখন্দে বেহাল

আপডেট : ১১ জুন ২০২১, ২১:১৩

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা

সওজের অধীনে থাকা ফুলবাড়ীয়া উপজেলার পাটিরা-সোয়াইতপুর সড়ক খানাখন্দে বেহাল। সড়কে খানাখন্দ থাকায় ধীর গতিতে চলাচল করছে যানবাহন। এতে দূর যাত্রীসহ চালকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। প্রায়ই যানবাহন নষ্ট হয়ে যানজটের সৃষ্টি হচ্ছে। এ পথে চলাচলকারী গার্মেন্টস শ্রমিক সেলিম রেজা জানান, বর্ষা শুরুর পর থেকে সড়কের পিচ উঠে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কৃষক নয়ন জানান, সড়ক বেহাল থাকায় আমাদের কৃষিপণ্য বাজারজাতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ছিদ্দিক জানান, সড়কটি সড়ক ও জনপদ বিভাগের। আমি বিষয়টি নিয়ে তাদের সঙ্গে কথা বলব।