মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয় মির্জাপুর পৌরসভার কুমুদিনী হাসপাতাল সড়কে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এ সড়ক দিয়ে চলাচলকারীদের। সড়ক দিয়ে চলাচলকারী বাসুদেব, আবুল হোসেনসহ একাধিক ব্যক্তি জানান, সড়কের দুই পাশে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মঞ্জুর হোসেন বলেন, ঐ সড়কে ড্রেন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ চেয়ে টাঙ্গাইল জেলা উন্নয়ন প্রকল্পে পাঠানো হয়েছে। পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল বলেন, আশা করছি অল্প সময়ের মধ্যেই চাহিদা অনুযায়ী বরাদ্দ পাওয়া যাবে। বরাদ্দ এলেই দ্রুত সড়ক উন্নয়ন করা হবে।
