সাতক্ষীরায় করোনা ও উপসর্গে আরো চার জনের মৃত্যু

আপডেট : ১১ জুন ২০২১, ২১:১৪

সাতক্ষীরা প্রতিনিধি

করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ ও সদর হাসপাতালে তিন নারীসহ চার জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা এসব মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৪টার মধ্যে তাদের মৃত্যু হয়। স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তিদের মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত হয়ে সদর উপজেলা গোরবদাড়ি গ্রামের মাসুদা বেগম গত ৯ জুন রাতে সামেক হাসপতালের করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি হন। সেখানে চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার ভোর রাত ৪টার দিকে তিনি মারা যান। এছাড়া উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় হালিমা খাতুন (৬৪), আনারুল ইসলাম (৬৫) এবং সদর হাসপাতালের করোনা ইউনিটে ময়না রানী (৬৫) মারা যান। এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন কমপক্ষে ২৪৪ জন ব্যাক্তি। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ জন।