সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরের চরাঞ্চলে এ বছর চীনাবাদামের বাম্পার ফলন হয়েছে। তবে হাটবাজারে বাদামের বাজার মন্দা হওয়ায় চাষিরা হতাশ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় সাড়ে ৫০০ হেক্টর চরাঞ্চলের জমিতে চীনাবাদাম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ৫০ হেক্টর কম জমিতে। উপজেলার গোপালপুর গ্রামের কৃষক বিল্লাল হোসেন বলেন, আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে কম হলেও সঠিক সময়ে সার, বীজ দেওয়ায় উপজেলার সর্বত্র বাদামের বাম্পার ফলন হয়েছে। তবে হাটবাজারে বাদামের দাম কম হওয়ায় কৃষকের তেমন লাভ হচ্ছে না। গোয়ারিয়া গ্রামের আনছার আলী বলেন, এ বছর বীজের দাম বেশি হওয়ায় প্রতি বিঘা জমিতে বাদাম আবাদ করতে সার, বীজ ও শ্রমিকসহ উত্পাদন খরচ হয়েছে ২০ থেকে ২২ হাজার টাকা। অথচ বর্তমান বাজার মূল্যে প্রতি বিঘা জমিতে উত্পাদিত বাদামের মূল্য ২৪ থেকে ২৫ হাজার টাকা, যা প্রায় উত্পাদন খরচের সমান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাফিউল ইসলাম বলেন, বর্তমানে হাটবাজারে বাদামের দাম একটু কম হলেও দুই/এক মাসের মধ্যেই দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
