ভালো নেই তেলিগাতী আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দারা

আপডেট : ১১ জুন ২০২১, ২১:১৫

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

দীর্ঘ ১৪ বছরেও জীবনযাত্রার মানের কোনো পরিবর্তন হয়নি মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের আশ্রয়ণের বাসিন্দাদের। দীর্ঘদিন তারা ন্যূনতম সুযোগসুবিধা থেকে বঞ্চিত। তাদের দীর্ঘদিনের দাবি—আশ্রয়ণটি সংস্কার ও সাইক্লোন শেল্টার নির্মাণ। ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডর-পরবর্তী এ ইউনিয়নের হেড়মা মিস্ত্রীডাঙ্গা গ্রামে সরকারিভাবে ৪ একর জমির ওপর এ আশ্রয়ণ কেন্দ্রটি নির্মিত হয়। ভিটেমাটিবিহীন ৯০ পরিবারের ঠাঁই হয়েছে এ কেন্দ্রে। আশ্রয়ণের বাসিন্দা বৃদ্ধা সাফিয়া বেগম, জাহানারা বেগম, ফজলুর রহমান খান, পাখি বেগমসহ অনেকে জানান, আমাদের কষ্ট ও দুঃখের কথা শোনার কেউ নেই। অতিরিক্ত জোয়ারের ঘরে থাকে হাঁটুপানি। তখন চালচুলা থাকে বন্ধ। বন্যা এলে দুই-তিন গ্রামের মধ্যে নেই  কোনো সাইক্লোন শেল্টার কিংবা পাকা ভবন। দুই কিলোমিটার হেঁটে খাবার পানি সংগ্রহ করতে হয়। ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম ও ফজলুর রহমান বলেন, আশ্রয়ণ কেন্দ্রটি নির্মাণের পরে আর কোনো সংস্কার হয়নি। জরুরি ভিত্তিতে এটি সংস্কার হওয়া প্রয়োজন। ইউপি চেয়ারম্যান মোরশেদা আক্তার বলেন, তেলিগাতী আশ্রয়ণ কেন্দ্রটি জরুরি ভিত্তিতে সংস্কার না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, তেলিগাতি আশ্রয়ণ প্রকল্পের জরাজীর্ণ বিষয়টি শুনেছি। শুধু এই আশ্রয়ণ কেন্দ্রই নয়, সব আশ্রয়ণ সংস্কারের জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের দপ্তরে তালিকা পাঠানো হবে।