প্রায়ই থাকে তালাবদ্ধ

আপডেট : ১১ জুন ২০২১, ২১:১৫

 

বদলগাছীতে ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক

হাফিজার রহমান, বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

বদলগাছীতে ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকগুলো বেশির ভাগ সময় তালাবদ্ধ থাকায় সঠিকভাবে চিকিত্সাসেবা পাচ্ছেন না গ্রামের সাধারণ মানুষ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়,  কমিউনিটি ক্লিনিক প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত খোলা রেখে এলাকার সাধারণ মানুষের চিকিত্সাসেবা দেওয়ার নিয়ম থাকলেও কেউ তা মানছে না। সরজমিনে উপজেলা বিলাশবাড়ী ইউনিয়নের শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকে বেলা ১১টায় গিয়ে দেখা যায় তালাবদ্ধ রয়েছে।

চিকিত্সা নিতে আশা বলরামপুর গ্রামের আনোয়ার, শ্রীরামপুর গ্রামের আহম্মদ আলী, জোসনা বেগম, রাহেলা বেওয়াসহ সাত/আট জনকে অপেক্ষা করতে দেখা গেছে। তারা বলেন, ‘আমরা চিকিত্সা নিতে এসেছি সকাল ১০টায়, এখনো ডাক্তার হাসপাতাল খোলেননি।’ উপস্থিত আরো কয়েক জন বলেন, ‘এখানকার সি এইচ সিপি শ্রীরামপুর বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বেশি সময় দেন।’ এ ব্যাপারে উক্ত ক্লিনিকের সি এইচ সিপি মো. আলমগীর হোসেন বলেন, ‘আমি অফিস টাইম বাদে আমার প্রতিষ্ঠানে সময় দিয়ে থাকি।’

ভগবানপুর কমিউনিটি ক্লিনিকে বেলা ১২টায় গিয়ে দেখা যায় তালাবদ্ধ। সেখানকার সি এইচ সিপি আইনুল হক মোবাইল ফোনে বলেন, ‘আমি কিছু আগেই চলে এসেছি।’ আধাইপুর ইউপির কাশিয়ারা কমিউনিটি ক্লিনিকে দেখা যায় তালাবদ্ধ। সেখানকার সি এইচ সিপি বিউটি বানু বলেন, ‘আমি বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি অফিশিয়াল কাজে।’ বদলগাছী উপজেলা সি এইচ সিপির সভাপতি জহুরুল ইসলাম (জনি) বলেন, ‘নিয়ম আছে সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত ক্লিনিক খোলা রাখতে হবে। কিন্তু ১২টার পর কোনো রোগী না আসায় আমরা বন্ধ করে চলে যাই।’

এ বিষয়ে বদলগাছী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. কানিস ফারহানা বলেন, ‘সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত ক্লিনিকগুলো খোলা রাখার নিয়ম। তারা যদি বন্ধ রেখে চলে যান, তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’