সংবাদ সংক্ষেপ

আপডেট : ১১ জুন ২০২১, ২১:১৬

বোরো প্রদর্শনীর মাঠ দিবস

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উত্পাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় নান্দাইলে বোরো প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নান্দাইল ইউনিয়নের সাভার ব্লকে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক কৃষিবিদ মো. মতিউজ্জামান।

মান্দায় মাস্ক বিতরণ

মান্দা (নওগাঁ) সংবাদদাতা মান্দায় করোনা ভাইরাস প্রতিরোধ এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার ফেরিঘাট, দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এবং দেলুয়াবাড়ি বাজারের তিনমাথার মোড়ে পথচারীদের মধ্যে এসব মাস্ক বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হক। এ সময় তিনি মাস্ক বিতরণের পাশাপাশি মাস্ক না পরায় বেশ কয়েক জন পথচারী এবং দোকানদারকে জরিমানা করেন।

আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা

সুজানগর (পাবনা) সংবাদদাতা সুজানগরে আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি বিষয়ক এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এবং সুজানগর থানার সহযোগিতায় পৌরসভার মানিকদীর এলাকায় ঐ সভা অনুষ্ঠিত হয়। এতে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) মো. রবিউল ইসলাম। উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন, জাকির হোসেন, মুশফিকুর রহমান প্রমুখ।

ভূমি সেবা সপ্তাহ সম্পন্ন

চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা গত বৃহস্পতিবার বিকালে উপজেলা ভূমি অফিসের সামনে সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভূমি সেবা সপ্তাহ সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সালেহ মোসার সভাপতিত্বে আলোচনাসভায় অংশগ্রহণ করেন ভূমি সহকারী কর্মকর্তা মো. আলতাফ হোসেন, সার্ভেয়ার আব্দুর রব, নাজির হারুনুর রশিদ, নামজারি সহকারী আনোয়ার হোসেন ও সার্টিফিকেট পেশকার ইয়াছিন আরাফাত।

‘করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়’ শীর্ষক সভা

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা ‘দর্শনা জন্য আমরা’ সংগঠনের আয়োজনে উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রে ‘করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি দর্শনা প্রাক-যুদ্ধকালীন মুক্তিযুদ্ধ পরিচালনা পরিষদের সদস্য অ্যাডভোকেট. মো. শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. মজনুর রহমান প্রমুখ।

বীজ আলু উত্পাদন-বিষয়ক প্রশিক্ষণ

ডোমার (নীলফামারী) সংবাদদাতা বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন ‘মাবীউকৃবি’ প্রকল্পের আওতায় মানসম্পন্ন বীজ আলু উত্পাদন, সংরক্ষণ, মাননিয়ন্ত্রণ ও বিতরণ শীর্ষক প্রকল্পের আওতায় ডোমারে দুই দিনব্যাপী কর্মকর্তা প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। শুক্রবার সকালে ডোমার ভিত্তি বীজ আলু উত্পাদন খামার মিলনায়তনে বিএডিসির আয়োজনে কর্মশালা উদ্বোধন করা হয়। বিএডিসি চেয়ারম্যান (গ্রেড-১) ড. অমিতাভ সরকার প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি প্রশিক্ষণের উদ্বোধন করেন।

শেখ হাসিনার কারামুক্তি দিবস পালন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত হয়েছে। শুক্রবার এ উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের পুরাতন কার্যালয়ে দলীয় ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খানের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, আওয়ামী লীগ নেতা সুমন হোসেন বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক বাবলু হাজরা প্রমুখ বক্তব্য রাখেন।