g বিনোদন ডেস্ক
ক্যারিয়ারে খুব অল্প সময়ে দর্শকপ্রিয়তার পাশাপাশি নির্মাতাদের কাছে ভরসার প্রতীক হয়েছেন জাহ্নবি কাপুর। কিছুদিন আগে ‘রুহি’ শিরোনামের সিনেমাটি দিয়ে সেই পাল্লায় জোর হাওয়া লাগিয়েছেন তিনি। বর্তমানে হাতে রয়েছে ‘দোস্তানা টু’, ‘গুড লাক জেরি’সহ বেশ কয়েকটি বলিউড সিনেমার কাজ। এবার সেই তালিকা আরো দীর্ঘ হতে যাচ্ছে জাহ্নবির। জানা গেছে, একাধিক দক্ষিণী সিনেমায় কাস্ট হতে যাচ্ছেন তিনি। প্রথমসারির প্রডাকশন হারিকা হাসিনি ক্রিয়েশন, মিথরি মুভি মেকার্স, ভেঙ্কটেশ্বর ক্রিয়েশন তাদের পরবর্তী সিনেমার জন্য জাহ্নবিকে নির্বাচন করেছে। বলা চলে, জাহ্নবিকে তাদের সিনেমায় কাস্ট করতে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে এই প্রডাকশন হাউজগুলো। প্রযোজক অশ্বিন দত্ত তার তেলেগু সিনেমা ‘জাগাদেকা ভিরুদু আতিলোকা সুন্দরী’-তে আগেই জাহ্নবিকে কাস্ট করতে চেয়েছিলেন। এদিকে হারিকা হাসিনি ক্রিয়েশন বর্তমানে মহেশ ও ক্রিভিক্রমের পরবর্তী সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছে। তারা চাইছেন তাদের নতুন এই সিনেমাতে প্রধান ভূমিকায় জাহ্নবিকে রাখতে। অন্যদিকে, রামচরণ অভিনীত ও শঙ্কর পরিচালিত ভেঙ্কটেশ্বর প্রযোজনার নতুন সিনেমাতেও জাহ্নবিকে নেওয়ার পরিকল্পনা করছেন। এছাড়া মিথরি মুভি মেকার্সও তাদের পরবর্তী বিগ বাজেটের সিনেমায় এই অভিনেত্রীকে নেওয়ার কথা ঘোষণা করেছেন। সিনেমাটির কাজ আগামী বছরে শুরুর কথাও জানিয়েছে তারা। ক্যারিয়ারে বলিউডের বাইরেও এত এত কাজের অফার প্রসঙ্গে জাহ্নবি বলেন, ‘এত অল্প সময়ে সকলে আস্থার জায়গায় পৌঁছাতে পারবো ভাবতে পারিনি। নিশ্চয় এটা আমার জন্য অনেক বেশি আনন্দের। তেলেগুসহ বেশকিছু দক্ষিণী সিনেমার কথা চলছে। সবকিছু মনের মতো হলে শিগগিরই হয়তো সিনেমাগুলোতে কাজ শুরু করতে পারবো। আমার ওপর তাদের আস্থা রাখার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো।’
