g বিনোদন রিপোর্ট
অ্যাকশন ধারার ছবিতে নতুন কিছু দেওয়ার তাগিদেই নবাগত চিত্রনায়ক প্রযোজক সুমন ফারুক একের পর এক চলচ্চিত্রের কাজ করে যাচ্ছেন। যদিও অভিষেক হয়েছে তার অনন্ত জলিল প্রযোজিত ছবি ‘দিন দ্য ডে’ ছবি দিয়ে। এরপর একক নায়ক হিসেবে ‘বর্ডার’ ছবিটি শেষ করলেন সম্প্রতি। নির্মাতা সৈকত নাসিরের নির্মাণে বর্ডার ছবিটি অ্যাকশন নির্ভর গল্পে তৈরি।
সুমন ফারুক বলেন, ‘অনন্ত ভাই একজন স্বপ্নবাজ মানুষ। আমাদের উচিত এমন সিনেমা পাগল মানুষের পাশে থাকে। উত্সাহিত করা।’
সুমন ফারুক বলেন, ‘এদেশে অ্যাকশন নির্ভর ছবির বড় সংকট। এ কারণেই আমি এই ধারা নিয়েই কাজ করতে চাই। আমাদের গল্পের কোনো সংকট নেই। কিন্তু সীমাবদ্ধতা প্রচুর। সবচেয়ে বড় সংকট বাজেট এবং যার রিটার্ন নেই। অর্থাত্ একজন লগ্নিকারী জানেন না তার এই কোটি টাকার আদৌ এক টাকা লাভ হবে কি-না। আপনি যেকোনো ব্যবসাতেই লাভের পথ বের করে দেন। লগ্নিকারীর অভাব হবে না। তাই আমাদের প্রয়োজন এসব নিয়ে খুব নিখুঁতভাবে ভাবা।’
তবে আশার ব্যাপার হলো আমাদের দেশের চলচ্চিত্রের ব্যাপারে বাইরের দেশের ওটিটি প্লাটফর্মগুলো এখন ভীষণ আগ্রহ দেখাচ্ছে। এরই ভেতরে আমার বর্ডার ছবিটি নিয়ে নেটফ্লিক্স ও অ্যামাজনের সঙ্গে যোগাযেগ করেছি। তারা আগ্রহ প্রকাশ করেছে। এখন এই করোনাকালের জন্যই আটকে গেছি। আশা করছি এই সংকট কাটলে খুব জলদি আমাদের দেশীয় চলচ্চিত্র বিশ্ববাজারে দারুণ এক জায়গা তৈরি করবে। এক্ষেত্রে প্রয়োজন বিভিন্নমানের চলচ্চিত্র তৈরি করা।’
সুমন ফারুক অভিনীত ও প্রযোজিত ‘বর্ডার’ ছবিটি হল রিলিজের পরপরই নেটফ্লিক্স, অ্যামাজনসহ বিভিন্ন প্লাটফর্মে মুক্তি দেওয়া হবে। এছাড়া নতুন মুভির কাজের ব্যাপারেও নতুন পরিকল্পনা করছেন তিনি। এ প্রসঙ্গে সুমন ফারুক বলেন, ‘ইন্দোনেশিয়ার সঙ্গে যৌথ প্রযোজনায় নতুন একটি ছবির কথা এরইমধ্যে চলছে। সবকিছু ফাইনাল হলে শিগগিরই শুটিংয়ে গড়াবে কাজটি।’
এ সময়ের চলচ্চিত্র প্রসঙ্গে সুমন ফারুক বলেন, ‘আমি তো ইন্ডাস্ট্রিতে নতুন। তবে এদেশের দারুণ সব মেধাবী নির্মাতা রয়েছেন যাদের একটু সুযোগ ও বাজেট দিলেই দারুণ কিছু করে দেখাতে পারবে বলে আমার বিশ্বাস।’
