স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
মীর জুমলা সড়কটি নগরের বঙ্গবন্ধু সড়ক ও সিরাজউদ্দৌলা সড়কের মধ্যবর্তী সংযোগ স্থাপনকারী একটি সড়ক। একই সঙ্গে শহরের সর্ববহত্ দিগুবাবুর বাজারের ভেতর দিয়ে চলমান গুরুত্বপূর্ণ এই সড়ক ক্রেতা-বিক্রেতার পদচারণায় প্রায় সব সময় মুখরিত থাকে। কিন্তু দিগুবাবুর বাজারে উত্পাদিত বিপুল পরিমাণ বর্জ্য মীর জুমলা সড়কের এক পাশে স্তূপ করা হয় প্রতিদিন। স্থানটি স্বল্প পরিসরে হওয়ায় এখানে ফেলা বর্জ্য গিয়ে পড়ছে সড়কে। ফলে আবর্জনার স্তূপ ও দুর্গন্ধের কারণে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। মীর জুমলা সড়কের পূর্ব-পশ্চিমে রয়েছে স্কুল-কলেজসহ একাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং বাজারের পাশে হওয়ায় এ সড়ক দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করে। বাজারের বর্জ্য অব্যবস্থাপনায় পথচারীদের ভোগান্তি বাড়লেও কোনো নজরদারি ও উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ দৈনন্দিন পণ্য এই বাজার থেকে ক্রয় করেন। গতকাল সরেজমিনে দেখা যায়, বাজারের দোকানের আবর্জনা সড়কে ছোট ছোট স্তূপ আকারে রাখা হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবর্জনা সড়কে ফেলা হয়। রাস্তা দখল হওয়ায় ডাম্পিং স্পটের পরিধি কমে গেছে। সারা দিনের জমানো আবর্জনা বিকালে উঠিয়ে রাস্তার একাংশে ফেলে রাখা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চরম ভোগান্তির শিকার হয় পথচারীরা। বৃষ্টি হলে এই সমস্যা আরো বেড়ে যায় ।
এই বিষয়ে জেলা প্রশাসনের নজর দেওয়া উচিত। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হোসেন হিরন এই বিষয়ে বলেন, ‘দিগুবাবু বাজারে নির্দিষ্ট একটি স্থান করে দেওয়া হয়েছে । কিন্তু ডাম্পিং স্পটটা বাজারের দোকানিদের দখলের কারণে ছোট হয়ে গেছে। ময়লা রাস্তার ওপরে ডাম্পিং স্পট পেরিয়ে সড়কে চলে আসে। এ কারণেই মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। তবে আমরা এই সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা করব।’
