টঙ্গীতে ঝুটের গুদামে আগুন, ব্যাপক ক্ষতি

আপডেট : ১১ জুন ২০২১, ২১:৩৯

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা

টঙ্গীতে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি গুদামের সব মালামাল ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে তিন জন আহত হয়েছেন। তাদের শহিদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর মিলগেট অলিম্পিয়া টেক্সটাইল মিলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি, উত্তরার তিনটি ও ঢাকা জোন-৩-এর একটিসহ সাতটি ইউনিট প্রায় সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এক জন প্রত্যক্ষদর্শী জানান, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে হঠাত্ করে ঝুট ব্যবসায়ী সবুজের গুদামে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আরো তিনটি গুদামে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এর আগে বিকালে গুদামগুলোতে কয়েক ট্রাক ঝুট রাখা হয়। ধারণা করা হচ্ছে, দিন মজুরদের সিগারেটের আগুন কিংবা কয়েলের আগুন থেকে গুদামে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সবুজ জানান, বৃহস্পতিবার গুদামে বিপুল পরিমাণ মাল মজুত করা হয়। আগুনে সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তার দাবি এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।

তবে টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইকবাল হোসেন জানান, আগুনে একটি গুদামের শেড ধসে পড়েছে।  প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও  ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।