গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন বারবৈকা এলাকায় বাসার ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে। গতকাল সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম বারবৈকা এলাকার জাকির হোসেনের ছেলে। গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার এসআই ফোরকান মোল্লা জানান, সকালে বারবৈকা এলাকায় একটি বাড়ির ছাদে ঘুড়ি উড়াতে যায় সিয়াম। এ সময় তার ঘুড়িটি পাশের বিদ্যুতের তারে আটকে যায়। পরে লোহার রড দিয়ে আটকে পড়া ঘুড়িটি নামানোর চেষ্টা করে সে। এক পর্যায়ে সিয়ামের হাতে থাকা লোহার রডটি বিদ্যুতের তারে লেগে বিদ্যুতায়িত হয়। এতে সে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। সে স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
