স্বামী জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে বেরিয়েছেন ফার্স্ট লেডি জিল বাইডেন। বুধবার তারা যুক্তরাজ্যে পৌছান। জি-সম্মেলনে যোগ দিতেই মূলত তারা ইংল্যান্ডের কর্নওয়ালে গেছেন। সম্মেলনের আগেই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং তার স্ত্রী ক্যারির সঙ্গে কারবিস বে হোটেলের বাইরের আনন্দঘন সময় কাটান প্রেসিডেন্ট বাইডেন ও তা স্ত্রী। খবর বিজনেস ইনসাইডারের
প্রধানমন্ত্রী বরিস ও তার স্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় জিল বাইডেনের গায়ে জ্যাডিগ অ্যান্ড ভয়তেয়ারের একটি কালো রঙের জ্যাকেট ছিল। এতে লেখা ছিল ‘লাভ’ (ভালবাসা)। এ সম্পর্কে জিল বাইডেন এক প্রশ্নের জবাবে ব্লুমবার্গের জ্যানিফার জ্যাকবসকে বলেছেন, ‘এটা প্রেসিডেন্ট বাইডেনের প্রথম বিদেশ সফর। আমার মনে হয় আমরা আমেরিকা থেকে ভালোবাসা নিয়ে এসেছি। এটা একটি বৈশ্বিক সম্মেলন এবং আমরা পুরো বিশ্বকে একত্র করার চেষ্টা করে আসছি। আমার বিশ্বাস, এখন এটাই প্রয়োজন সবার। বিশ্বের সব দেশের মানুষ যেন নিজেদের ঐক্যবদ্ধ অনুভব করেন’।
সম্মেলনে যোগ দেওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং তার স্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেছেন। ওই সাক্ষাতের পর সাংবাদিকদের বাইডেন বলেন, আমি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বলেছি, আমাদের মধ্যে বেশ কিছু মিল আছে। আমরা উভয়ই আমাদের পর্যায়ের চেয়ে উঁচু কাউকে বিয়ে করেছি। মজা করে জনসন উত্তর দেন, আমি এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ে প্রেসিডেন্টের সঙ্গে ভিন্নমত পোষন করতে যাচ্ছি না।
শুক্রবার ও শনিবার দুই দিন জি৭ সম্মেলন চলবে। তারপর বাইডেন উইন্ডসর ক্যাসেলে রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে একটি চা চক্রে যোগ দেবেন। রানির সঙ্গে সাক্ষাতের বিষয়ে উচ্ছ্বসিত জিল বাইডেন বলেন, আমি এবং জো উভয়ই রানির সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাদের এই সফলের উল্লেখযোগ্য অংশের একটি এটি। আমরা কয়েক সপ্তাহ ধরে এর অপেক্ষা করেছি এবং শেষ পর্যন্ত এটা ঘটতে চলেছে।
