সাভারে খালাতো দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তাদের লাশ পাটখেতের মধ্যে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকাল ১১টায় উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হারুলিয়ার চক থেকে তাদের লাশ উদ্ধার করে সাভার মডেল থানাপুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত একটি চাকু উদ্ধার হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পুলিশ সাত জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে তারা দুই জন বাড়ির বাইরে গিয়ে আর ফিরে আসেনি। পরের দিন সকালে তাদের লাশ মেলে। নিহতরা হলেন, বরিশাল জেলার গৌরনদী থানার পশ্চিম শেওড়া উত্তরপাড়া এলাকার রতন মিয়ার ছেলে রায়হান (১৭), অন্যজন একই এলাকার নেছারমোল্লার ছেলে নাজমুল (১৮)। রায়হান হেমায়েতপুরের উত্তর যাদুরচর এলাকায় বাবা-মায়ের সঙ্গে ভাড়াবাসায় থেকে স্থানীয় আল-নাছির ল্যাবরেটরি স্কুলে লেখাপড়া করছিল। সে এসএসসি পরীক্ষার্থী। অন্যদিকে তার খালাতো ভাই নাজমুল বরিশাল থেকে তাদের বাসায় বেড়াতে এসেছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ভোররাতে হারুলিয়া এলাকার চকে দুই যুবককে কুপিয়ে হত্যা করে লাশ পাটখেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সকালে স্থানীয় কৃষকরা দুই যুবকের রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে সাভার মডেল থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে দুই যুবকের নাম রায়হান ও নাজমুল বলে জানা গেছে। তবে কী কারণে এবং কারা তাদের হত্যা করেছে সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য কাজ করছে পুলিশ। এ ঘটনায় একটি হত্যামামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
