গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে খাজা মিয়া (৫১) নামে নিখোঁজ এক মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত খাজা মিয়া পলুপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি গোবিন্দগঞ্জ পৌর শহরের খলসি দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান, আগের দিন ভোরে হাঁটতে গিয়ে নিখোঁজ ছিলেন সহকারী শিক্ষক খাজা মিয়া। অনেক খোঁজাখুঁজি করে তাকে পায়নি তার পরিবার। গতকাল শুক্রবার সকালে পলুপাড়া ব্রিজের অদূরে নদীর ধারে বাঁশঝাড়ে তার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে মেহেদী হাসান জানান, সম্ভবত হাঁটার সময় ক্লান্ত হয়ে পলু ব্রিজে বসেছিল। এ সময় অসাবধানবশত নদীতে পড়ে তার মৃত্যু হতে পারে। পোস্ট মর্টেম রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।
