ভাসানচরের ১২ রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ

আপডেট : ১১ জুন ২০২১, ২২:১১

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের নারী, পুরুষ ও শিশুসহ ১২ রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।

জানা যায়, শুক্রবার ভোরে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরএলাহী দক্ষিণ ঘাট থেকে স্থানীয় আবদুল হালিম নামে এক ব্যক্তি তাদের আটক করে। 

আটককৃতরা হলো, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদের ছেলে খায়ের হোসেন (৩৫), জহুর আহাম্মদের  মেয়ে রাশেদা (২২), খতিজা (৮০), মমিনা বেগম (২৫), নুর ইসলামের ছেলে মো. ইউসুফ (৩৬), কামাল হোসেনের ছেলে মো. সিদ্দিক (১৯) ও মেয়ে জুবাইদা (১৭), মন্তাজুলের ছেলে আবুল  হায়েজ (১৩),আবুল খায়েরের ছেলে শহিদ (৫) তার ছেলে তারেক (৭), আরমান (২) এবং তার ছেলে ওমাহের (৫)। আটকৃত রোহিঙ্গারা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে চোরাইপথে নৌকা ভাড়া করে কক্সবাজার তাদের পুরাতন ক্যাম্পের উদ্দেশে নোয়াখালীর ভাসানচর থেকে রওনা করেছিলেন। নৌকার মাঝি রাতের বেলা তাদের চর এলাহী ঘাটে নামিয়ে পালিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, স্থানীয় এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানাপুলিশ আটকৃত রোহিঙ্গাদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃত রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ১৯৪৬ সালের বিদেশি নাগরিক সম্পর্কিত আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়ছে। মামলা দায়ের শেষে রোহিঙ্গাদেরকে আদালতের মাধ্যমে নোয়াখালী জেলহাজতে পাঠানো হবে।