টিকা নিয়ে সরকারি আশ্বাসে বিশ্বাস হারিয়ে ফেলেছেন সাধারণ মানুষ ------------ জি এম কাদের

আপডেট : ১১ জুন ২০২১, ২২:১২

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আন্তর্জাতিক টিকা কূটনীতিতে সাফল্য পাচ্ছে না বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে প্রতিদিন টিকা পাওয়ার ব্যাপারে আশার বাণী শোনানো হচ্ছে, কিন্তু দৃশ্যমান কোনো সাফল্য নেই। পররাষ্ট্রমন্ত্রী নিজেই বৃহস্পতিবার বলেছেন, ‘অনেক দেশ আমাদের টিকা দিতে সম্মত হয়েছে, কিন্তু কবে দেবে তা বলতে পারছি না।’ তাই টিকা নিয়ে সরকারি আশ্বাসে বিশ্বাস হারিয়ে ফেলেছেন সাধারণ মানুষ। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন।

জি এম কাদের বলেন, সাধারণ মানুষের অভিযোগ ব্যবসার দৃষ্টিকোণ থেকে টিকা আমদানির কারণেই টিকা পাওয়ার বিকল্প উত্স রাখা হয়নি। এতে একটি কোম্পানি টিকা আমদানি করে বেশ কয়েক কোটি টাকা আয় করেছে বলে জানা গেছে, কিন্তু চুক্তি অনুযায়ী টিকা পাওয়া যায়নি। আবার বিকল্প কোনো উত্স না থাকায় টিকা প্রয়োগের স্বাভাবিক কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে। তিনি বলেন, এরই মধ্যে যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন এমন প্রায় ১৫ লাখ মানুষ আদৌ দ্বিতীয় ডোজ টিকা পাবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। বিবৃতিতে জাপা চেয়ারম্যান আরো বলেন, সরকারের অদূরদর্শী সিদ্ধান্তের কারণে আটকা পড়েছে দেশের কোটি কোটি মানুষের টিকা পাওয়ার সম্ভাবনা। এখন সরকারিভাবে কত দ্রুত করোনার টিকা দেওয়া হবে, দেশের মানুষ সেদিকেই তাকিয়ে আছে।