পারিবারিক কলহের জেরে রাজধানীর ভাটারা এলাকায় কুড়াল দিয়ে কুপিয়ে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। নিহতের নাম জোবেদা আক্তার (২৮)। এ ঘটনায় তার স্বামী আবুল কাসেম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।
গতকাল শুক্রবার ভোরের দিকে ভাটারার সোলমাইদ পূর্বপাড়ার আলামিনের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।
ভাটারা থানার এসআই সুমন মিয়া বলেন, জোবেদা মানুষের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। তার স্বামী আবুল কাসেম রিকশাচালক। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনায়। দুই শিশুসন্তানকে নিয়ে তারা সোলমাইদ এলাকার আলামিনের বাড়িতে ভাড়া থাকতেন। কিন্তু প্রায়শই তাদের মধ্যে ঝগড়া হতো। গতকাল শুক্রবার ভোরের দিকেও স্বামী-স্ত্রীতে ঝগড়া হয়। এক পর্যায়ে কাশেম ঘরে রাখা কুড়াল দিয়ে জোবেদাকে উপর্যুপরি আঘাত করে। এরপর আবুল কাশেম তার দুই শিশু সন্তান নিয়ে পাশেই তার বড় ভাইয়ের বাসায় যান। সেখানে দুই সন্তানকে রেখে ভাইকে বলে, জোবেদাকে কাজে দিয়ে এসে আবার বাচ্চা দুটিকে নিয়ে যাবেন। এরপর পালিয়ে যান আবুল কাসেম।
এসআই সুমন মিয়া আরো বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জোবেদার লাশ উদ্ধারের পর অভিযান পরিচালনা করে ভাটারা এলাকা থেকেই কাসেমকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
