যুক্তরাষ্ট্র এবং ইসরাইলকে হামাস ও তালেবানের সঙ্গে ‘একই কাতারে ফেলার’ অভিযোগ তুলে ডেমোক্র্যাটিক পার্টির সহকর্মীরা তিরস্কার করার পর এর পালটা জবাব দিয়েছেন একই দলের কংগ্রেস সদস্য ইলহান ওমর। ডজনখানেক ইহুদি আইনপ্রণেতা ইলহান ওমরের প্রতি আহ্বান জানিয়েছেন ‘তার বক্তব্য স্পষ্ট’ করতে। কিন্তু মিনেসোটার এই প্রতিনিধি তাদের বক্তব্যেরই সমালোচনা করেছেন।
গত সোমবার এক টুইট বার্তায় ওমর লেখেন, ‘যুক্তরাষ্ট্র, হামাস, ইসরাইল, আফগানিস্তান ও তালেবানের অভাবনীয় অত্যাচার দেখতে হয়েছে আমাদের। মানবতাবিরোধী অপরাধের শিকার সব ভুক্তভোগীর জন্য একই ধরনের জবাবদিহিতা ও বিচার থাকতে হবে।’ এই টুইটের সঙ্গে প্রতিনিধি পরিষদের একটি কমিটির শুনানিতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনকে তার প্রশ্ন করার একটি ভিডিও যুক্ত করেন ওমর। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় হামাস ও তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলে নাম যুক্ত করায় সহকর্মী ডেমোক্র্যাটদের কয়েকজন ক্ষুব্ধ হন। এর জবাবে বৃহস্পতিবার ইলহান ওমর সহকর্মীদের ওই বক্তব্যকে ‘লজ্জাজনক’ আখ্যা দেন এবং তাদের বিরুদ্ধে ‘ইসলামভীতি বক্রোক্তি’তে জড়িয়ে পড়ার অভিযোগ আনেন তিনি। এই নারী টুইট বার্তায় লেখেন, ‘আমার সহকর্মীদের এই আচরণ লজ্জাজনক। যখন সমর্থন দরকার হয় তখন তারা আমাকে ফোন করেন। আর এখন তারা বিবৃতি দিয়ে আমার কাছে ‘ব্যাখ্যা চাইছেন’ অথচ ফোন করেননি।’ এই লড়াইয়ে ওমরের পাশে দাঁড়িয়েছেন তার দলের নারী সহকর্মী আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। - বিবিসি
