ইরানের সাবেক তিন সরকারি কর্মকর্তা ও দুটি কোম্পানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়। একে নিয়মিত কাজের অংশ বলে বর্ণনা করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা। তবে যুক্তরাষ্ট্র নিয়মিত কাজের অংশ বললেও বৃহত্ অর্থে এটির মাধ্যমে ইরানের উপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তুতির ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় ‘আজ অফিস অব ফরেন এসেটস কন্ট্রোল (ওএফএসি) এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের সাবেক তিন সরকারি কর্মকর্তা এবং দুটি কোম্পানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। যারা এর আগে ইরানের পেট্রোলজাত রাসায়নিক পণ্য ক্রয়, অধিগ্রহণ, বিক্রয়, পরিবহন এবং বাজারজাতকরণের সঙ্গে জড়িত ছিলেন’। তবে যে তিন ব্যক্তি ও দুই কোম্পানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে তাদের নাম প্রকাশ করা হয়নি। - রয়টার্স
