শেখ হাসিনার কারামুক্তি ছিল অবরুদ্ধ গণতন্ত্রের মুক্তি: শেখ পরশ

আপডেট : ১২ জুন ২০২১, ০০:৩৯

স্বাধীন বাংলায় শেখ হাসিনা এবং গণতন্ত্র এক ও অভিন্ন সত্ত্বা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের নির্মমভাবে হত্যার পর এদেশের গণতন্ত্রের পথকে রুদ্ধ করে দেওয়া হয়েছিল। ১৯৯৬ সালের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করলে গণতান্ত্রিক ধারার শুভ সূচনা হয়। শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষ্যে এক বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এসব কথা বলেন।

তিনি বলেন, জামাত-বিএনপি-ফখরুদ্দিন-মঈন উদ্দিনদের নীলনঁকশার কারণেই ১/১১ এর পটভূমি রচিত হয়েছিল। শেখ হাসিনার নামে মিথ্যা মামলা দায়ের করে ২০০৭ সালের ১৬ জুলাই গণতন্ত্রের আপোসহীন নেত্রীকে গ্রেফতার করে। আওয়ামী লীগ, যুবলীগসহ অন্যান্য ভ্রাতৃপ্রতীম, সহযোগী সংগঠন ও গণতন্ত্রপ্রত্যাশী দেশবাসী ক্রমাগত অপ্রতিরোধ্য আন্দোলনে তত্কালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ২০০৮ সালের ১১ জুন শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়ে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে আসে।