ভূমিকম্প

আপডেট : ১২ জুন ২০২১, ১৯:২৩

মাধব রায়

কথাসাহিত্যিক-সহকারী অধ্যাপক

ব্লু বার্ড হাইস্কুল এন্ড কলেজ, সিলেট

সেই রাতে নীলকান্তবাবু আফরা আনজুমকে মুরগি কাটাকাটি না করতে দিয়ে নিজেই কাজটা সেরেছিলেন। মজা করে ডিনার করার পর রাতে আর গল্প হয়নি। এখন তানভীর সাহেব, কমলা, নীলকান্তবাবু, আফরা আনজুম সোফায় বসে গল্প করছেন। বাচ্চাকাচ্চারা বাইরে হাঁটছে।

গত দুই দিনে প্রকৃতির এক  খেলা অনুষ্ঠিত হয়ে গেল, ইতিহাসে নজিরবিহীন। শনিবার ২৯ মে এবং রবিবার ৩০ মে ২০২১ সিলেট নগরীর আশেপাশে ভূমিকম্প অনুভূত হয়েছে। মূল কম্পন চারবার অনুভূত হলেও আরও কয়েকবার আফটারশক অনুভূত হয়। শনিবার সকাল ১০টা ৩৭মি. ও ১০টা ৫১মি. এরপর ১১টা ৩০মি. এ আরও দুদফা ভূকম্পন অনুভূত হয়। বেলা ১টা ৫৮মি.এ আরও কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়। তবে ১০টা ৫১মি. এ সবচেয়ে জোরে অনুভূত হয়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১। ২০১৫ সালের ২৫ এপ্রিল হিমালয়কন্যা নেপাল, ভারত বাংলাদেশ এর বিভিন্ন অঞ্চল প্রচণ্ড ভূমিকম্পে কেঁপে উঠেছিল। নেপালে ৭.৯ মাত্রার ভূমিকম্পে লণ্ডভণ্ড  করে দিয়েছিল তাদের সভ্যতাকে। পুরাতন বাড়িঘর, মন্দির, ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা কিছুই  বাদ যায়নি। কয়েক হাজার লোক মৃত্যুবরণ করে এবং আহত হয় আরও কয়েক হাজার। বাংলাদেশে প্রায় ১০ জন মৃত্যুবরণ করে। নেপালের লোকজন তা ভুলতে পারেনি।

তানভীর সাহেব বললেন—এবারে প্রথম যখন মনে হলো ভূমিকম্প হচ্ছে, তখন আমি ফিজিক্স ডিপার্টমেন্টে, তিন তলায়। দৌড়াব, নাকি কী করব বুঝতে পারছিলাম না।

নীলকান্তবাবু বললেন— আমিও তখন অফিসে কাজ করছি, হঠাত্ দেখি মাথা ঘুরে গেল। ভাবলাম শরীরটা খারাপ লাগছে, পরে দেখি ফ্যান দুলছে।

কমলা বললেন— আমি তখন রান্না করছি। আমার হাতে ডালের সসপ্যান। হঠাত্ দেখি ডাল দুলছে ঢেউ এর মতো। একটু হলেই গরম ডাল আমার হাতে পায়ে পড়ে যেত। ভূমিকম্পটা আসলে কী ?

তানভীর সাহেব বললেন— ভূঅভ্যন্তর শিলার পিড়নের জন্য এক ধরনের শক্তি সঞ্চয় ঘটে। সেই শক্তির হঠাত্ মুক্তি ঘটলে ভূপৃষ্ঠের কিছুকিছু অঞ্চল কেঁপে ওঠে। তখন একে ভূমিকম্প বলি।

আকাশ কাছেই ছিল, সে বলল— ভূমিকম্প কি সারাদিন ধরে হতে পারে?

না না, বললেন কমলা। ভূমিকম্প কয়েক সেকেন্ড থেকে এক বা দুই মিনিট স্থায়ী হলেই অবস্থা শেষ। কিন্তু কী কারণে ভূমিকম্প হয়? প্রশ্ন করলেন তানভীর সাহেবকে।

তানভীর সাহেব বললেন—তিনটি কারণে ভূমিকম্প হতে পারে। ভূপৃষ্ঠজনিত, আগ্নেয়গিরিজনিত এবং শিলাচ্যুতিজনিত কারণে।

আকাশ বলল—ভূপৃষ্ঠজনিত কারণে কীভাবে ভূমিকম্প হবে মামা ?

তানভীর সাহেব বললেন—ভূপৃষ্ঠ সাতটি প্লেট এর সমন্বয়ে গঠিত।  একটা প্লে­ট আরেকটা থেকে ফাটল বা ফল্ট দ্বারা আলাদা করা থাকে। প্লেটগুলোর নিচেই ভূগর্ভস্থ গলিত পদার্থের অবস্থান। কোনও কারণে গলিত পদার্থগুলোর স্থানচ্যুতি ঘটলেই প্লে­টগুলো নড়েচড়ে উঠে এবং একটি প্লে­টের কোনও অংশ অপর প্লে­টের তলায় ঢুকে যায়। বাংলাদেশসহ এতদঞ্চল যে প্লে­টের ওপর দাঁড়ানো, এর নাম ইন্ডিয়ান প্লে­ট। এই প্লে­ট প্রতি বছর দুই ইঞ্চি করে উত্তর দিকে এগিয়ে ইউরোপিয়ান প্লেটকে ধাক্কা দিচ্ছে। সেই ধাক্কায় মাটি উপরে উঠে হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে।

তাই নাকি ! বললেন কমলা।

                             পরের অংশ আগামীকাল