মো. কবির হোসেন (সুজন), প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা।
প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, অনুশীলন বিভাগে তোমাদের স্বাগতম। কোভিড-১৯ মহামারির কারণে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পাঠ্যসূচির সিলেবাস সংক্ষিপ্ত করে গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যায় নিয়ে পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথমপত্রের তৃতীয় অধ্যায় পাঠ্যসূচির অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমাদের সুবিধার্থে এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর উপস্থাপন করা হলো।
৫। পরিবর্তনশীল চাহিদার পণ্যের ক্ষেত্রে কোন ব্যবসায় সংগঠন উপযোগী?
পরিবর্তনশীল চাহিদার পণ্যের ক্ষেত্রে একমালিকানা ব্যবসায় সংগঠন উপযোগী। যে সকল পণ্যের চাহিদা দ্রুত পরিবর্তনশীল সেই সকল পণ্য একবারে বা একত্রে অনেক বেশি উত্পাদন করা যায় না আবার এগুলো মজুদ করেও রাখা যায় না। তাছাড়া এগুলোর চাহিদাও দ্রুত পরিবর্তন হয়ে, যেমন নির্দিষ্ট মৌসুমে মৌসুমী পণ্যের চাহিদা, মৌসুমের পরবর্তীতে চাহিদার হ্রাস, ফলে বৃহদায়তন ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। ফলে একমালিকানা ব্যবসায় সংগঠনই অধিক উপযোগী।
৬। একমালিকানা ব্যবসায় নমনীয়তার গুণ বেশি থাকে কেন?
একমালিকানা ব্যবসায়ে মালিক একজন থাকে বিধায় মালিক যে কোনো সময়ে সে কোনো সিদ্ধান্ত নিতে পারে এবং প্রয়োজনে এইরূপ সিদ্ধান্ত খুব সহজেই পরিবর্তন করতে পারে বলে একে নমনীয়তা বলা হয় আর এগুলো প্রতিষ্ঠানের ভালোর জন্য করা হয় বলে একে নমনীয়তার গুণ বলা হয়।
পরিবর্তিত পরিস্থিতির সাথে দ্রুত সঙ্গতি বিধানের সামর্থ্যকে নমনীয়তার গুণ বলা হয়। তবে এইরূপ নমনীয়তা অর্জন দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্যের উপর নির্ভরশীল। একমালিকানা ব্যবসায়ে প্রতিষ্ঠানের মালিক বা পরিচালক বা নেতা একই ব্যক্তি হওয়ায় অন্য ব্যবসায়ের ন্যায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কারও পরামর্শের প্রয়োজন পড়ে না। তাই যে কোনো সময়ে প্রতিষ্ঠানের প্রয়োজনে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।
৭। একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র বলতে কী বোঝায়?
যে যে ব্যবসায়সমূহ একক মালিকানায় করা যায় বা যে যে ব্যবসায়ের ক্ষেত্রসমূহ অংশীদারি বা যৌথ মূলধনিতে সম্ভব নয় বা উপযোগী নয়, তা শুধু মাত্র একমালিকানায় উপযোগী সেই সেই ব্যবসায়সমূহকে একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র বলা হয়।
এইরূপ ব্যবসায়ের এমন কিছু কিছু বিশেষ ক্ষেত্র লক্ষণীয় যেখানে কোনো দিনই অন্য কোন ব্যবসায়ের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হবে বলে মনে হয় না, সেই সব ক্ষেত্র গুলোই একক মালিকানায় উপযুক্ত। যেমন স্বল্প পুঁজির ব্যবসায়, সীমিত চাহিদার পণ্য, খুচরা পণ্য, পচনশীল পণ্য, সেবামূলক প্রতিষ্ঠান, ক্ষুদ্র ও কুটির শিল্প, শৈল্পিক কর্মের ব্যবসায়, যেক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেয়া প্রয়োজন এমনকি যে ক্ষেত্রে প্রত্যক্ষ সম্পর্ক প্রয়োজন, এইসব ব্যবসায়ের ক্ষেত্রে সিদ্ধান্ত যেমনি দ্রুত নিতে হয় তেমনি গ্রাহকদের নিকটও অতি দ্রুত পৌঁছানোর প্রয়োজন পড়ে।
