আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, ‘একাত্তরের পরাজিত স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতের সঙ্গ ত্যাগ করতে পারেনি বিএনপি। এ কারণে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের এত বড় পরাজয় হয়েছে। জামায়াতের সঙ্গে যতদিন বিএনপির সখ্যতা থাকবে, ততদিন জনগণের ভোটে তারা ক্ষমতায় আসতে পারবে না।'
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাগো বাংলা ফাউন্ডেশন আয়োজিত ‘সংরক্ষিত নারী আসন: সংসদীয় গণতন্ত্রে নারীর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি হয়তো অভিমান করে সংসদে আসছে না। তবে রাজনীতিতে অভিমান করে ফায়দা লুটা যায় না। রাগ-অভিমান করে বসে না থেকে সংসদে আসুন। সংসদে ভূমিকা রাখার মাধ্যমে দলকে শক্তিশালী করুন। ভুল-ত্রুটি ধরিয়ে দিয়ে সরকারকে নাজেহাল করুন। অভিমান করে কিছু হয় না। আর আপনারা জাতীয় সংসদে না আসলে আমাদেরই লাভ। আওয়ামী লীগ বিরোধী দলে থাকাকালে সব সময়ই সংসদে কার্যকরী ভূমিকা রেখেছিল। রাজনীতি অনেক কঠিন বিষয়। যেকোনও অবস্থায় রাজনীতির জন্য লড়াই করে যেতে হবে।'
তিনি বলেন, ‘সংসদে সরকারি দল ও বিরোধী দল সবারই জনগণের কথা বলা উচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ সংসদ হবে প্রাণবন্ত। সংসদে বিরোধীদের বক্তব্যে বাধা দেওয়া হবে না।’
মোহাম্মদ নাসিম বলেন, ‘১৪ দল সংসদে ভূমিকা রাখবে। সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেবে।’ তিনি আরও বলেন, রাজনীতিতে সুখের সময় অনেকেই জড়ো হয়। কিন্তু দুর্দিনে তাদের পাশে পাওয়া যায় না। ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে অনেকে আপোষ করে গা বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু আমরা করিনি।’
মোহাম্মদ নাসিম বলেন, ‘বাংলাদেশের অর্ধেক হচ্ছে নারী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই নারীর ক্ষমতায়ন হয়েছে। বাংলাদেশের নারীর ক্ষমতা বিশ্বের কাছে উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।’ তিনি বলেন, ‘নারীদের ক্ষমতা এমন হয়ে গেছে, কয়েকদিন পরে পুরুষদের ক্ষমতার জন্য লড়াই করতে হবে। নারীরা এখন কোথায় নেই। প্রধানমন্ত্রী থেকে স্পিকারসহ বিভিন্ন পর্যায়ে নারীরা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।’
আরও পড়ুন: গণভবনে প্রধানমন্ত্রীর চা-চক্রে রাজনীতিকদের মিলনমেলা
ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি ও সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ওয়াহিদুজ্জামান খান চান, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) একে মোহাম্মদ আলী সিকদার, এনডিসিআরসি’র চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএইচ খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযুষ বন্দোপাধ্যায়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
ইত্তেফাক/কেকে
