বড় চিংড়ি ধরতে সাগরে ডুব দিয়েছিলেন এক জেলে। বেশিক্ষণ হয়নি, আচমকা অন্ধকার হয়ে আসে চারপাশ, সঙ্গে শরীরে প্রচণ্ড ব্যথা। জেলে প্রথমে ভেবেছিলেন তাকে হয়তো হাঙরে ধরেছে। তবে দাঁতের সংখ্যা আর আকার দেখে ভুল ভাঙে দ্রুতই। বুঝতে পারেন, তিনি হাঙর নয়, তিমির মুখে পড়েছেন। তিমিটি তাকে গিলে খেতে চেষ্টা করছে। এরপর শুরু হয় প্রাণপণ লড়াই। আর সেই লড়াইয়ে জিতে শেষ পর্যন্ত বাইরে বেরিয়ে আসেন সাহসী জেলে। বিবিসি
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ম্যাসাচুসেটস উপকূলে এ ঘটনা ঘটে। ঘটনার কয়েক ঘণ্টা পরে মাইকেল প্যাকার্ড নামে ঐ ব্যক্তি ফেসবুকের এক স্ট্যাটাসে জানান, তিমিটি পানির ওপর ভেসে ওঠা এবং তাকে মুখ থেকে বের করে দেওয়ার আগে প্রায় ৩০ থেকে ৪০ সেকেন্ড এর মুখের ভেতর আটকা ছিলেন তিনি। ভুক্তভোগী বলেন, আমাকে একটি তিমি খেয়ে ফেলার চেষ্টা করেছে। আমি ক্ষতবিক্ষত, তবে কোনো হাড় ভাঙেনি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে কেপ কড টাইমস নামে একটি স্থানীয় পত্রিকাকে প্যাকার্ড জানান, তিনি ম্যাসাচুসেটস উপকূলে প্রায় ৩৫ ফুট গভীরে লবস্টার (এক জাতীয় গলদা চিংড়ি) ধরছিলেন। ‘আচমকা প্রচণ্ড ধাক্কা অনুভব করলাম। এরপর শুধু জানি, চারদিক ঘুটঘুটে অন্ধকার।’
