ইংল্যান্ডে বিধিনিষেধ শিথিলের সময় এক মাস পেছাতে পারে

আপডেট : ১২ জুন ২০২১, ২১:০৬

বিবিসি

দেশ জুড়ে করোনা ভাইরাস সংক্রমণ আবার বাড়তে শুরু করায় বিশেষ করে ভাইরাসের অতিসংক্রামক ডেল্টা ধরন ছড়িয়ে পড়ায় ইংল্যান্ড থেকে লকডাউনের সব বিধিনিষেধ সহসা উঠছে না। বিধিনিষেধ তুলে নেওয়ার সময় চার সপ্তাহ পিছিয়ে দেওয়ার কথা বিবেচনা করছে যুক্তরাজ্য সরকার। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আধুগামী ২১ জুনের পর ইংল্যান্ড থেকে করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার রোধে আরোপিত সব বিধিনিষেধ তুলে নেওয়ার কথা ছিল। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান ডাউনিং স্ট্রিটের ঐ কর্মকর্তারা। তারা বলেন, আগামী সোমবার নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করার কথা। এখনো নানা তথ্য-উপাত্ত পর্যালোচনা করা হচ্ছে।

হোয়াইটহলের এক কর্মকর্তা বলেন, বেশ কয়েকটি বিকল্প বিবেচনা করা হচ্ছে। তবে এই মুহূর্তে বিধিনিষেধ শিথিলের সময় চার সপ্তাহ পিছিয়ে দেওয়ার বিষয়টি তালিকায় এক নম্বরে আছে। বিধিনিষেধ শিথিলের সময় চার সপ্তাহ পিছিয়ে দেওয়া হলে ঐ সময়ে টিকাদান কার্যক্রম আরো কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।