২০১৪ সাল থেকে বন্ধ
২০১৪ সালের ২৯ মে সর্বশেষ দফায় ঈশ্বরদী থেকে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। তারপর গত সাত বছরে এই বিমানবন্দরে কোনো যাত্রীবাহী ফ্লাইট ওঠানামা করেনি
স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
ঈশ্বরদী বিমানবন্দর চালু করা সময়ের দাবি হলেও তা উপেক্ষিতই থেকে যাচ্ছে। সর্বশেষ ২০১৪ সালে ইউনাইটেড এয়ারওয়েজের বিমান নেমেছিল। তারপর আর কোনো যাত্রীবাহী ফ্লাইট অবতরণ করেনি এই বিমানবন্দরে।
নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্প ও ইপিজেডের কর্মকর্তাদের নিয়ে প্রায়ই হেলিকপ্টার আসা-যাওয়া করে। এসব হেলিকপ্টার পড়ে থাকা ঈশ্বরদী বিমানবন্দরই ব্যবহার করে। এ সম্পর্কে তথ্য সংগ্রহের সময় জানা যায়, সড়ক ও রেলপথে ঢাকা থেকে ঈশ্বরদী যাতায়াত সময়সাপেক্ষ হওয়ায় জরুরি প্রয়োজনে অনেকটা বাধ্য হয়েই হেলিকপ্টারের ব্যবহার হয়। বিমান বন্দর থাকা সত্ত্বেও বিমান ওঠানামা না করায় সবাই ত্যক্ত ও বিরক্ত।
বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নথি থেকে জানা যায়, ১৯৮৭ সালে লোকসানসহ নানা অজুহাতে প্রথম বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে সংস্কার করে ১৯৯৪ সালে বিমানবন্দরটি আবার চালু করা হয়। দীর্ঘ ১৭ বছর পর ২০১৩ সালে ইউনাইটেড এয়ারওয়েজ ঈশ্বরদী বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা শুরু করে। কিন্তু ৬ মাস ১১ দিন চালু থাকার পর ২০১৪ সালের ২৯ মে সর্বশেষ দফায় ঈশ্বরদী থেকে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। তারপর গত সাত বছরে এই বিমানবন্দরে কোনো যাত্রীবাহী ফ্লাইট ওঠানামা করেনি।
রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পসহ ঈশ্বরদীতে বেশ কয়েকটি বড় প্রকল্প ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ঈশ্বরদী ইপিজেড, বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউট, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, ডাল গবেষণা কেন্দ্র, পাবনা সুগার মিল, রেলওয়ের পাকশী বিভাগীয় অফিস, আলহাজ্ব টেক্সটাইল মিল, সহস্রাধিক হাসকিং চালকল, অটো রাইস ও ফ্লাওয়ার মিল, অয়েল মিল উল্লেখযোগ্য। বতর্মানে রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্প, ইপিজেডসহ অন্যান্য প্রতিষ্ঠানে প্রায় চার সহস্রাধিক বিদেশি নাগরিক কর্মরত রয়েছেন। প্রতিনিয়ত বিদেশিদের ঢাকা ও চট্টগ্রামে যাতায়াত করতে হচ্ছে। সড়কপথে ঈশ্বরদী হতে ঢাকা যেতে যানজটের কারণে বর্তমানে সাত থেকে ১০ ঘণ্টা সময় লাগে। ট্রেনে সময় লাগে পাঁচ ঘণ্টা। কিন্তু ট্রেন লেট হলে সময় লাগে সড়ক পথের চেয়ে বেশি।
এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস বিমানবন্দর চালু সময়ের দাবি জানিয়ে বলেন, বিগত সংসদ অধিবেশনে আমি বিমানবন্দর দ্রুত চালুর জন্য দাবি জানিয়েছি। বাজেট বক্তৃতার সময়ও বিষয়টি আবারও সংসদে উত্থাপন করব। রাশিয়ার জেএসসি এএসইর ভাইস প্রেসিডেন্ট এবং রূপপুর প্রকল্পের রাশিয়ান প্রকল্প পরিচালক এলেক্সি ডেইরি ইত্তেফাককে বলেন, ‘আমরা ঢাকা-ঈশ্বরদীর মধ্যে বিমান সংযোগ স্থাপনের ধারণাকে সমর্থন করি। এটি আমাদের লোকদের মূল্যবান সময় বাঁচাতে এবং ঝামেলা এড়াতে সহায়তা করবে।’ উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস জানান, জরুরিভাবে বিমানবন্দর চালুর বিষয়ে জেলা প্রশাসনের মাধ্যমে একাধিক বার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাগিদ দেওয়া হয়েছে। ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু বলেন, ঈশ্বরদী বিমানবন্দরটি চালু হলে এখানে বিনিয়োগ বাড়বে। রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, বিমানবন্দরটি চালু না হওয়ায় এখানে কর্মরত প্রায় ৪ হাজার বিদেশি নাগরিক বিশেষ করে রাশিয়ানদের সড়ক ও রেলপথে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। রাশিয়া থেকে বিমানে ঢাকায় নামার পর সড়কপথে যানজটে নাজেহাল হতে হচ্ছে তাদের। এ কারণে দ্রুত বিমানবন্দরটি চালু করা প্রয়োজন।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, বর্তমানে ঈশ্বরদীতে যে রানওয়ে রয়েছে সেখানে এয়ারলাইন্সগুলোর বহরে থাকা অত্যাধুনিক এয়ারক্রাফটগুলোর অবতরণের সুযোগ নেই। রানওয়ের সংস্কারমূলক কাজ করতে হবে। যদি বাংলাদেশের অন্যান্য অভ্যন্তরীণ বিমানবন্দরের মতো সুযোগ-সুবিধা ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা যায় তাহলে ইউএস-বাংলা এয়ারলাইন্স এ রুটে ফ্লাইট পরিচালনা করবে।
