তিতাস (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার তিতাসে উদ্বোধনের আগেই ফাটল ধরা সেতুটির অ্যাপ্রোচ ভেঙে পুনরায় নির্মাণ কাজ শুরু হয়েছে। গত ২৯ মে দৈনিক ইত্তেফাক পত্রিকায় এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটির গুরুত্ব অনুধাবন করে গত ৩০ মে দৈনিক ইত্তেফাক পত্রিকায় ‘ধৈর্যেরও সীমা রহিয়াছে!’ শিরোনামে বিশেষ সম্পাদকীয়ও প্রকাশিত হয়। অবশেষে শনিবার ফাটল দেখা দেওয়া সেতুটির এক পাশের অ্যাপ্রোচ ভেঙে ফেলা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে রবি কিংবা সোমবার থেকে শুরু হবে বেইজ ঢালাই।
উপজেলা নির্বাহী অফিসার মোসা. রাশেদা আক্তার বলেন, ‘ঠিকাদার কাজের ক্ষেত্রে অনিয়মের বিষয়টি স্বীকার করায় পুনরায় সঠিক নিয়ম অনুসরণ করে কাজটি শেষ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। রবিবার কিংবা সোমবারের মধ্যে বেইজ ঢালাইয়ের কাজ শুরু হবে।’ এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসানুল ইসলাম বলেন, ‘সেতুটি নির্মাণকালে খালের তলায় পাঁচ ফুট গভীরে না গিয়ে দুই-তিন ফুট নিচ থেকে বেইজ ঢালাইয়ের কারণে উচ্চতা বেশি হওয়ায় অ্যাপ্রোচের অংশে ফাটল ধরেছে। তবে এখন যথাযথ নিয়ম অনুসরণ করেই কাজটি সম্পূর্ণ করা হবে।’
